২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতালকারীদের দুই পক্ষে সংঘর্ষ

চট্টগ্রাম নগরীতে হরতালের সমর্থনে মিছিল বের করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 12:31 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বিরোধী দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের তৃতীয় দিন মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ খান ও বহিষ্কৃত নেতা এরশাদ উল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পরস্পরের দিকে ইট-পাথর ও হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা।

পরে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির একপক্ষের নেতাকর্মীরা চান্দগাঁও আবাসিকের দিক থেকে  এবং আরেক পক্ষ বহদ্দারহাট মোড় থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে।

“মিছিল দুটি কাছাকাছি আসলে এক পক্ষ অন্য পক্ষের দিকে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। একপর্যায়ে তারা পরস্পরের দিকে কয়েকটি ককটেল ছোড়ে।”

এদিকে পুলিশের ধাওয়ায় বিএনপির দুই পক্ষ ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর বহদ্দারহাট মোড় এলাকায়  হরতাল বিরোধী সমাবেশ করে আওয়ামী লীগ।

গত জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোটের পক্ষে চট্টগ্রামের বোয়ালখালী আসন থেকে প্রার্থী হন এরশাদ উল্লাহ। পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।