২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সংঘর্ষে নিহত ১

হরতালে চট্টগ্রামের বোয়ালখালি উপজেলায় বিরোধী দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 05:34 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার আরকান সড়কের ফুলতল এলাকায় এ সংঘর্ষ হয়। এসময় পুলিশের শর্ট গানের গুলিতে দুই জনসহ মোট তিন জন আহত হন।

বোয়ালখালি থানার ওসি জহিরুল হক সবুজ বলেন, সংঘর্ষের  ঘণ্টা তিনেক পর কাছের একটি খাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহতের ঠোঁট ও বাঁ চোখে আঘাতের চিহ্ন আছে জানিয়ে তিনি বলেন, “ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পানিতে উল্টোভাবে পড়ায় সে মারা যেতে পারে বলে ধারণা করছি।”

ওসি বলেন,  ফুলতল এলাকায় বিএনপি হরতালের সমর্থনে সমাবেশ চলাকালে আওয়ামী লীগের হরতালবিরোধী একটি মিছিল ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু  হয়।

“তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্ট গানের গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ।”

এ ঘটনায় গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম (৩৩) ও আলী আকবর (৩৪) এবং মাথায় আঘাতপ্রাপ্ত  ইকবাল হোসেনকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুপুর ১টার দিকে উপজেলা সদরে  বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।

জবাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানান ওসি জহিরুল।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।