২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদকান্দি সেতুর চট্টগ্রামমুখী লেনের বিয়ারিং প্যাডে ত্রুটি, পাশের সেতুতে দুমুখী চলাচল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর দুটি সেতু রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 06:34 PM

Updated : 22 Nov 2026, 06:39 PM

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে।

এ কারণে রোববার বিকাল ৫টা থেকে সেতুটি মেরামতের জন্য বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম।

তিনি বলেন, সেতুর কুমিল্লা অংশের বিয়ারিং প্যাডে বেশি কম্পন দেখা যাচ্ছে। সোমবার বিশেষজ্ঞ দল সেতুটি পরীক্ষা করবেন। এরপর মেরামত করতে কত দিন লাগবে, তা জানা যাবে।

আব্দুর রহিম বলেন, সেতুটি বন্ধ থাকলেও যান চলাচল স্বাভাবিক রাখতে পাশের নতুন সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রাম- দুই দিকের গাড়ি চলবে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ বলেন, সেতুটি বন্ধ রাখার বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ তাদের জানিয়েছে। বিকল্প সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচল নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর দুটি সেতু রয়েছে। পুরোনো সেতু দিয়ে চট্টগ্রামমুখী এবং নতুন দুই লেনের সেতু দিয়ে ঢাকামুখী গাড়ি চলাচল করে।