২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে রাস্তা ছাড়াই সেতু, ব্যবহার করতে পারছেন না মানুষ

চার বছর আগে সেতুর মূল কাজ শেষ হলেও দুই পাশের রাস্তা তৈরি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 12:40 AM

Updated : 23 Sep 2026, 12:40 AM

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মরা তিস্তা খালের ওপর সেতু নির্মাণ শেষ হয়েছে চার বছর আগে।

তবে দুই পাশে রাস্তা না থাকায় সেতুটি ব্যবহার করতে পারছেন না আশপাশের আট গ্রামের কয়েক হাজার মানুষ।

রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ২০১৯-২০ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ৭৮ লাখ টাকা ব্যয়ে ৩০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালে সেতুর মূল কাজ শেষ হয়।

স্থানীয়রা জানান, উপজেলার চাকিরপশার ও নাজিমখান ইউনিয়নের আট গ্রামের মানুষের চলাচল সহজ করতে সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু রাস্তা না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না। ফলে তাদের বিকল্প পথ দিয়ে তিন থেকে চার কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে।

মো. আসাদুজ্জামান বলেন, সেতু নির্মাণের জন্য কুড়িগ্রামের মেসার্স শীতল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোখছেদুল হকের সঙ্গে চুক্তি হয়েছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কয়েক দফা সময় বাড়ানো হয়। তবে সেতুর কাজ শেষ হলেও দুই পাশের রাস্তা তৈরি হয়নি।

মূল ঠিকাদার মোখছেদুল হক বলেন, সাব-ঠিকাদার রাকিবুজ্জামান রাকিব পলাতক থাকায় কাজটি শেষ করা যায়নি। এখন তিনি নিজেই বিষয়টি দেখছেন। দ্রুত রাস্তার কাজ শেষ করা হবে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, কাজ শেষ না হওয়ায় ঠিকাদারকে এখনো পুরো বিল দেওয়া হয়নি। চলতি মাসের মধ্যে রাস্তার কাজ শেষ না হলে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।