ইন্ধন ভেতর থেকে: সন্দেহ ঢাবি শিক্ষক সমিতির সভাপতির
ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ‘ষড়যন্ত্রে’ ভেতর থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে সন্দেহ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি এস এম মাকসুদ কামাল।
তিনি বলেছেন, “দাবি থাকলে আলোচনা হতে পারে, অতীতেও হয়েছে। কিন্তু বেপরোয়া যে মনোভাব, তাতে ধারণা করা হচ্ছে, ভেতরে সহযোগিতা করা হচ্ছে।”
“এই ধারণা যে সত্য হবে সেটা যেমন বলা যায় না, অসত্যও বলা যায় না।
“কিন্তু সামগ্রিক কর্মকাণ্ড থেকে এই ধারণাটি করা হচ্ছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অশান্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যর্থ প্রমাণ বা পরিচালনায় ব্যর্থ করার জন্য।”
৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনের পর নিপীড়নবিরোধী শিক্ষার্থী ব্যানারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করার প্রসঙ্গ ধরে রোববার শিক্ষক সমিতির কর্মসূচির পর একথা সাংবাদিকদের বলেন শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ।
উপাচার্য ও প্রক্টরের কার্যালয় ভাংচুর এবং উপাচার্যের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে সকালে ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে শিক্ষক সমিতি।
প্রশ্নবিদ্ধ সিনেট অধিবেশনে ভিসি নির্বাচনের পর আদালতের আদেশে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিদায় নিলে গত সেপ্টেম্বরে অধ্যাপক আখতারুজ্জামান দায়িত্ব নেন। সরকার তাকে উপাচার্যের দায়িত্ব দেওয়ার চার মাসের মধ্যে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হয়েছে।
এই ঘটনার সূত্রপাত ঢাকার সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা থেকে।
গত ১৫ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা ‘সাধারণ শিক্ষার্থী’দের উপর চড়াও হলে হামলাকারীদের শাস্তির দাবিতে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু হয়, যার নেতৃত্বে ছিল বাম ছাত্র সংগঠনগুলো।
এই আন্দোলকারীরা প্রক্টরের কার্যালয়ের ফটক ভাংচুরের পর তাদের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর গত ২৩ ফেব্রুয়ারি তারা উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে অবরুদ্ধ করলে ছাত্রলীগ নেতা-কর্মীরা গিয়ে আন্দোলনকারীদের পিটিয়ে উপাচার্যকে উদ্ধার করে।
উপাচার্যের উপর সেদিন আক্রমণ হয়েছিল বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি। তবে আন্দোলনকারীরা সেই অভিযোগ অস্বীকার করেছে।
উপাচার্য আক্রান্ত হয়েছিলেন দাবি করলেও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে, ওই হামলা কোনো শিক্ষার্থী নয়, বহিরাগতরা চালিয়েছিল।
সেদিন পুলিশ না ডেকে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগকে দিয়ে শিক্ষার্থীদের হটানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মাকসুদ কামাল বলেন, “এখানে যদি পুলিশকে ডেকে নিয়ে আসা হত, তাহলে পুলিশ আসা মাত্রই আরেকটি স্লোগান উঠত- ‘বিশ্ববিদ্যালয়ে পুলিশ কেন, কর্তৃপক্ষ জবাব চাই।
“আমরা চাই, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সবাই মিলে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে, যাতে আমাদের সমস্যা আমরাই সমাধান করতে পারি।”
আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার বিষয়ে তিনি বলেন, “ছাত্র সংগঠনটি এসে যে ঘটনা ঘটিয়েছে, সে বিষয়টিও তদন্তে আছে। তার আগে চার ঘণ্টা ভিসিকে অবরুদ্ধ করে যেসব ঘটনা ঘটেছে এবং প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ড ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে, সেটি কোনোভাবে কাম্য নয়।
“পরবর্তী ছাত্র সংগঠনটি এসেছে, সেটিও কোনোভাবে কাম্য নয়। আমরা আশা করছি, বিষয়গুলো শান্তিপূর্ণ সমাধান হবে।”
অধিভুক্তি বাতিলের দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গে
সমিতি আহূত মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
মানববন্ধন কর্মসূচিতে কথা বলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম।
তিনি বলেন, “১৫ জানুয়ারি নিপীড়নের যে অভিযোগ এসেছে সেটির ভিডিও ফুটেজ আমরা দেখেছি। যদি এমন হয়ে থাকে, সেটারও আমরা প্রতিবাদ জানাই।
“কিন্তু সে ঘটনার বিচার করতে হলে তদন্ত কমিটিকে অভিযোগকারীদের সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা এখনও পর্যন্ত সে ধরনের কোনো সহযোগিতা পাচ্ছি না।”
পরের উপাচার্য কার্যালয় ঘেরাও কর্মসূচি ‘ছাত্রসুলভ আচরণ’ ছিল না বলে মন্তব্য করেন সাদেকা হালিম।
মানববন্ধনে মাকসুদ কামাল বলেন, “সাত কলেজকে সামনে রেখে প্রক্টর অফিস ভাংচুর, উপাচার্য কার্যালয় ভাংচুর, মাননীয় উপাচার্যকে চার ঘণ্টা অবরুদ্ধ করা এবং উপাচার্যসহ শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা…
“এবং দুটি মাইক লাগিয়ে চলমানভাবে গালিগালাজ করা হল, হেক্সো ব্লেড এনে গেইট ভেঙে দাবি-দাওয়া আদায় করা হবে; এটা কীভাবে ছাত্রদের মাথায় আসল? অশ্রাব্য ভাষার গালিগালাজ করবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, সেটা বিশ্বাসযোগ্য নয়।”
বিমানমন্ত্রীর ভাই মাকসুদ কামাল বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য ‘কুশীলবরা ষড়যন্ত্রে নেমেছে’।
“বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের নেতারা ছিলেন, যে কারণে বোঝা যায় এটা একটা ষড়যন্ত্রের অংশ। এর আগে দু্জন নেতা বিশ্ববিদ্যালয়ের লাশ ফেলে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে সারা দেশকে অশান্ত করতে চেয়েছিল।”
আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন, “অধিভুক্তি বাতিলের আন্দোলনের উদ্দেশ্য নিয়ে খুব বেশি পরিষ্কার হতে পারিনি। এক বছর আগে যেটি অধিভুক্তি হয়েছে, সে সময় আন্দোলন না হয়ে এক বছর পর আন্দোলনের উদ্দেশ্যটা কী?
“গণতান্ত্রিক উপায়ে না গিয়ে বিশ্ববিদ্যালয়কে ছাত্ররা অস্থিতিশীল করার জন্য যে তাণ্ডব চালিয়েছে, তা আমরা সমর্থন করতে পারি না।”
অপরাধ বিজ্ঞানের অধ্যাপক জিয়াউর রহমান বলেন, “তারা ধ্বংসাত্মক আন্দোলন করেছে। গণতান্ত্রিকভাবে দাবি দাওয়া আদায় করা যায়। ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে নই। কিন্তু যে প্রক্রিয়ায় আন্দোলন করা হচ্ছে তাদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করা।”
কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমান বলেন, “ছাত্রদের নাম দিয়ে অছাত্রদের দিয়ে এগুলো করার সুযোগ দেওয়া হবে না। এসব ঘটনায় ছাত্ররা যদি জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।”
মানববন্ধনে অধ্যাপক মুহাম্মদ সামাদ, অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, অধ্যাপক সৌমিত্র শেখর, অধ্যাপক জিনাত হুদা ও অধ্যাপক আতাউর রহমান মিয়াজী বক্তব্য রাখেন।
