২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি প্রশাসনকে দুষছেন অধ্যাপক ফাহমিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরোধকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় দেখছেন অধ্যাপক ফাহমিদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 08:53 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

পুরনো খবর:

ভিসিকে উদ্ধারে বিক্ষোভকারী শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ
ঢাবি সিনেট ভবনে শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই অধ্যাপকের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিকভাবে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সামলালে এই পরিস্থিতির সৃষ্টি হত না।

বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে তিনি বলেন, “কেউ যদি গণতান্ত্রিক দেশে একটা দাবি তোলে সেটার সমাধান গণতান্ত্রিক উপায়ে হতে হবে। এভাবে পেটোয়া বাহিনী লেলিয়ে দিয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি করা-এটা কাঙিক্ষত না।”

ঢাকার সাত সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিলের দাবি নিয়ে এ মাসের মাঝামাঝিতে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। কয়েকদিন বিক্ষোভের পর এক পর্যায়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিলে তাদের পিটিয়ে সরিয়ে দেয় ছাত্রলীগ।

সে সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে ছাত্রীদের ‘শ্লীলতাহানির’ অভিযোগ উঠলে সংগঠনটির আট সদস্যের বহিষ্কার দাবিতে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু হয়, যেখানে বিভিন্ন বামপন্থি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছিলেন সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা প্রক্টরের কাছে দাবি জানাতে যাওয়ার পথে ফটক বন্ধ করা হলে, সেই কলাপসিবল গেইট ভেঙে ফেলেন। এই বিক্ষোভ-ভাংচুরের ঘটনায় ৫০ জনকে আসামি করে প্রশাসন মামলা দায়ের করলে আন্দোলন নতুন গতি পায়।

ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কার ও এই মামলা প্রত্যাহারের পাশাপাশি প্রক্টরের পদত্যাগের দাবিতে মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ের বাইরের গেইট ভেঙে তার কক্ষের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। কয়েক ঘণ্টা পর তাদের ওপর হামলা চালিয়ে উপাচার্যকে অবরুদ্ধ দশা থেকে মুক্ত করে ছাত্রলীগ।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী এবং এই আন্দোলনের সমন্বয়ক মাসুদ আল মাহাদীসহ অন্তত ২৪ জনকে পিটিয়ে আহত করে ছাত্রলীগ। ছাত্র-ছাত্রীদের ওপর তাদের হামলা-মারপিটের ভিডিও ও আলোকচিত্র প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সমালোচনা চলছে।

এ বিষয়ে অধ্যাপক ফাহমিদুল হক বলেন, “এত রক্তপাতের ঘটনা ঘটল, এইটা অনেক আগে থেমে যেতে পারত, সেই অর্থে বলব- প্রশাসনের ব্যর্থতা আছে এখানে। যখন প্রথম দফায় ছাত্রলীগ এসে সেই আন্দোলনকারীদের পেটাল এবং নারীদের লাঞ্ছনা করল, তার পরে অন্যান্য শিক্ষার্থী এবং কিছু বাম ছাত্র সংগঠনের নেতাকর্মী এই আন্দোলনে যোগ দিয়েছে।

“এভাবেই আন্দোলন বেগবান হয়েছে, তখন তা ছত্রভঙ্গ করার জন্য ও শাস্তি দেওয়ার জন্য রডসহ অন্যান্য অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করা হয়েছে।”

উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের মধ্যে ‘বাম বহিরাগত সন্ত্রাসী ছিল’ বলে যে দাবি করা হচ্ছে, তারও সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

তিনি বলেন, “এখন নতুন শব্দ চয়ন করা হচ্ছে- বাম বহিরাগত সন্ত্রাসী। আমি সম্পূর্ণভাবে একথা প্রত্যাখ্যান করি। আন্দোলনকারীদের অনেককেই চিনি, বিশেষ করে টার্গেট করে যাদের বেশি মারা হয়েছে, যারা হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছে, সেই মুখগুলো প্রায় সবাইকে চিনি।

“আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া হচ্ছে- উপাচার্য ঘেরাও করার কারণে তাদের বহিস্কার এবং নতুন নতুন ব্যানারে নানা ধরনের দাবি দাওয়া দিচ্ছে- এগুলো আমার কাছে মনে হচ্ছে প্রহসন মাত্র।”