২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যকে আক্রমণ করেছিল আন্দোলনকারীরা: ঢাবি কর্তৃপক্ষ

ছাত্রী নিপীড়নের অভিযোগে ছাত্রলীগের নেতা-কর্মীদের বহিষ্কারের দাবিতে আন্দোলনকারীরা উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের উপর আক্রমণ চালিয়েছিল বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 12:08 AM

Updated : 11 Oct 2022, 12:02 PM

পুরনো খবর:

ফটক ভেঙে ঢাবি উপাচার্যের দরজায় আন্দোলনকারীরা
ভিসিকে উদ্ধারে বিক্ষোভকারী শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ
অছাত্রদের হামলা থেকে ভিসিকে উদ্ধারে গিয়েছিলাম: ছাত্রলীগ সভাপতি

মঙ্গলবার উপাচার্য ভবনে সংঘটিত ঘটনার বর্ণনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, সহিংস শিক্ষার্থী ও বহিরাগতরা উপাচার্যের প্রতি আক্রমণ করলে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মানববলয়  তৈরি করে তাকে রক্ষা করেন।

এই ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নিজের কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন উপাচার্য আখতারুজ্জামান।

চার ঘণ্টা পর ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের রড-লাঠি দিয়ে পিটিয়ে সরিয়ে দিয়ে উপাচার্যকে মুক্ত করে।

‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সক্রিয় ছিলেন বাম ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

আন্দোলনকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই ঘটনা ঘটিয়েছে দাবি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, “আন্দোলনের নামে ধ্বংসাত্মক ও নাশকতামূলক ধারাবাহিক কার্যক্রমের আরও একটি বড় ধরনের অপপ্রয়াস।”

আন্দোলনকারীদের উপর হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

আন্দোলনকারীদের দাবি, ছাত্রলীগের হামলায় তাদের অর্ধশত আহত হয়েছেন। অন্তত ২৪ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছে বলে কর্তব্যরত এক চিকিৎসক জানিয়েছেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বিক্ষোভরতদের উপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, অছাত্রদের কবল থেকে উপাচার্যকে উদ্ধারে গিয়েছিলেন তারাসহ সাধারণ ছাত্ররা।

এই আন্দোলনের সূত্রপাত ঢাকার সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনকারীদের উপর হামলা থেকে।

গত ১৫ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা ‘সাধারণ শিক্ষার্থী’দের উপর চড়াও হলে হামলাকারীদের শাস্তির দাবিতে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু হয়। এই আন্দোলকারীরা প্রক্টরের কার্যালয়ের ফটকও সম্প্রতি ভাংচুর করে। এতে তাদের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

অধিভুক্তি সমস্যার সমাধান ছাড়াও নিপীড়নে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কার ও প্রক্টরের অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলনকারীরা মঙ্গলবার দুপুর ১২টায় উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

তারা অন্তত তিনটি ফটক একে একে ভেঙে বেলা দেড়টার দিকে উপাচার্যের দরজার সামনের করিডোরে অবস্থান নেন।

Image
‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে উপাচার্য ভবনের ফটক ভেঙে ভেতরে শিক্ষার্থীরা- ছবি: দীপু মালাকার

‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে উপাচার্য ভবনের ফটক ভেঙে ভেতরে শিক্ষার্থীরা- ছবি: দীপু মালাকার

ঘটনার বর্ণনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় সহিংস শিক্ষার্থী ও বহিরাগত যুবক রড, লোহার পাইপ, ইট, পাথর নিয়ে উপাচার্য ভবনের তিনটি ফটকের তালা ভেঙে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অশালীন বক্তব্য দিচ্ছিল। তাদের একটি প্রতিনিধি দলকে উপাচার্যের সঙ্গে দেখা করতে বলা হলেও তারা শোনেনি।

উপাচার্য বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজ সভায় যাওয়ার জন্য বের হলে ‘উদ্ধত, উত্তেজিত ও উচ্ছৃঙ্খল আন্দোলনকারীরা’ তার পথ রোধ করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, উপাচার্য তদন্ত সাপেক্ষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে অশালীন বক্তব্য দিতে থাকে।

“এক পর্যায়ে উপাচার্যের প্রতি বলপ্রয়োগ ও আক্রমণ করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রক্টরিয়াল বডির সদস্য ও শিক্ষার্থীরা মানব বলয় তৈরি করে উপাচার্য মহোদয়কে তার কার্যালয়ে ফিরিয়ে আনে।”

Image
অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে উদ্ধারে গিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর রড হাতে চড়াও ছাত্রলীগের নেতাকর্মীরা- ছবি: দীপু মালাকার

অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে উদ্ধারে গিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর রড হাতে চড়াও ছাত্রলীগের নেতাকর্মীরা- ছবি: দীপু মালাকার

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ও প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুম্মন সাংবাদিকদের বলেছেন, ইমরান বলেন, “বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা। তিনি কথা না শুনে ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন।”

হামলার প্রতিবাদে সারাদেশে বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, এরপর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

এদিকে নাশকতামূলক, নিপীড়নমূলক, সন্ত্রাসী কার্যক্রম যারাই চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।