২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অছাত্রদের হামলা থেকে ভিসিকে উদ্ধারে গিয়েছিলাম: ছাত্রলীগ সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 07:05 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

সরকার সমর্থক সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ দাবি করেছেন, তারা কেবল অছাত্রদের হামলা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্ধার করতে গিয়েছিলেন।

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের উপর নির্যাতনকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের শাস্তি দাবিতে মঙ্গলবার বাম সংগঠনের নেতৃত্বে একদল শিক্ষার্থী উপাচার্যকে অবরুদ্ধ করলে তাকে উদ্ধারে যায় সরকার সমর্থক সংগঠনটি।

এসময় অবরোধকারীদের উপর রড নিয়ে চড়াও হতে দেখা যায় ছাত্রলীগের নেতা-কর্মীদের। তাদের হামলায় ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের কয়েক নেতাসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হন।

হামলার অভিযোগের বিষয়ে ছাত্রলীগ সভাপতি সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগ এখানে হস্তক্ষেপ বা মারামারি করতে যায়নি।

“ছাত্রদল এবং জামায়াত-শিবির এবং কিছু বাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ এবং তার উপর হামলা করেছে শুনে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সেখানে গিয়েছিল ছাত্রলীগ।”

Image
বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর রড হাতে চড়াও ছাত্রলীগের একজন- ছবি: দীপু মালাকার

বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর রড হাতে চড়াও ছাত্রলীগের একজন- ছবি: দীপু মালাকার

উপাচার্য ও প্রক্টর কার্যালয়ের ফটক ভাংচুরকারী শিক্ষার্থীদের বহিষ্কারের দাবি জানান ছাত্রলীগ সভাপতি।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, “বাইরে থেকে অছাত্র, সন্ত্রাসীদের নিয়ে এসে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার জন্য উপাচার্যকে অবরুদ্ধ করার খবর শুনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যকে উদ্ধার করতে গিয়েছিল।”

পুরনো খবর:

ভিসিকে উদ্ধারে বিক্ষোভকারী শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ