২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানিদের মতো ছাত্রলীগকে ব্যবহার করেছে ঢাবি প্রশাসন: সেলিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনাকে পাকিস্তান আমলে শিক্ষার্থীদের দমনে এনএসএফ ক্যাডারদের লেলিয়ে দেওয়ার সঙ্গে তুলনা করেছেন মুজাহিদুল ইসলাম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 10:50 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

‘নিরপেক্ষ ভূমিকা রাখছে না’ ঢাবি প্রশাসন
ঢাবি প্রশাসনের আচরণে সাবেক ছাত্র নেতাদের উদ্বেগ

ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক ভিপি সেলিম বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি শুধু উদ্বেগের বিষয় নয়, এটা ক্রোধের বিষয়। পাকিস্তান আমলে আইয়ূব খান ও মোনায়েম খান যেভাবে এনএসএফ বাহিনীকে ব্যবহার করেছিল, সেভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনরত শিক্ষার্থীদের পেটাতে ছাত্রলীগকে লাটিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অবস্থানের পরিণতি সম্পর্কে সতর্ক করে সাবেক এই ছাত্রনেতা বলেছেন, “আজকে আইয়ূব খান ও মোনায়েম খানের অস্তিত্ব নেই। কিন্তু যারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, লড়াই করেছিল তারা আজ অজেয় হয়ে আছে।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য় অধ্যাপক মো. আখতারুজ্জামানের সমালোচনা করে সিপিবি সভাপতি সেলিম বলেন, “ভিসির পদে যিনি অবস্থান করেন তার দায়িত্ব শিক্ষার্থীদের কথা শোনা, তাদের সমস্যার সমাধান করা। কারণ শিক্ষার্থীদের জন্যই ভিসি। যে ভিসি নিরাপত্তার অজুহাত দেখিয়ে গেইটে তালা মেরে বসে থাকেন, শিক্ষার্থীদের কথা শোনেন না, তার ভিসি থাকার কোনো অধিকার নেই।”

‘ছাত্রী নিপীড়নে’ আট ছাত্রলীগ নেতাকর্মীর বহিষ্কারসহ কয়েকটি দাবিতে গত মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে একদল শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বামপন্থি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের এই অবস্থানে অবরুদ্ধ হন উপাচার্য।

ঘণ্টা তিনেক পরে পেছন দরজা দিয়ে তিনি কার্যালয় থেকে বেরোতে গেলে তার পথ আটকান আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা গিয়ে পিটিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

সরকার সমর্থক সংগঠনটির নেতাকর্মীরা সে সময় রড-লাঠি নিয়ে চড়াও হন বিক্ষোভকারীদের ওপর; উপাচার্য ভবন থেকে থেকে সরিয়ে দেওয়ার পরও বিভিন্ন স্থানে কয়েক দফায় হামলা হয় বলে বিক্ষোভকারীদের অভিযোগ।

এই হামলার প্রতিবাদে শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সংহতি সমাবেশে বক্তব্য দেন মুজাহিদুল ইসলাম সেলিম।

‘সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ চাই’ শীর্ষক সংহতি সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এ এন রাশেদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান প্রমুখ বক্তব্য দেন।

অধ্যাপক আনু মুহাম্মদ, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকের ভূমিকা থেকে সরে গিয়ে আমলা ও দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা যদি শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতেন তাহলে বিশ্ববিদ্যালয়ের অবস্থা এমন ন্যক্কারজনক হত না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

খালেকুজ্জামান বলেন, “যে ছাত্রলীগ পাকিস্তান আমলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাদের অধিকার নিয়ে আন্দোলন করত সেই ছাত্রলীগ এখন শিক্ষার্থীদের পেটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হচ্ছে।

“জামায়াতে ইসলামী যেভাবে ছাত্র শিবিরকে নষ্ট করেছে সেভাবেই মুক্তিযুদ্ধের চেতনার নামে বর্তমান সরকার ছাত্রলীগকে নষ্ট করছে।”

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শুক্রবার রাজু ভাস্কর্যে সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শুক্রবার রাজু ভাস্কর্যে সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান বলেন, “ছাত্রলীগের অত্যাচার আবাসিক হলের প্রতিটি দরজা-জানালায়। প্রশাসন এগুলো দেখছে না। লজ্জাহীন এ প্রশাসন উল্টো এই ছাত্রলীগের শরণাপন্ন হয়।

“বর্তমান প্রক্টর রব্বানী (একেএম গোলাম রব্বানী) শুধু প্রক্টর নয়, শিক্ষক হওয়ার যোগ্যতাও রাখেন না। তিনি শিক্ষার্থীদের শিক্ষার্থী মনে করেন না। ক্ষমতার পা চেটে প্রক্টর হয়েছেন তিনি। সবার আগে তাকে বহিষ্কার করা দরকার।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের উদ্দেশে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই সহযোগী অধ্যাপক বলেন, “আপনারা হিন্দি সিরিয়াল রচনা করছেন। শিক্ষক হিসেবে, প্রশাসক হিসেবে শিক্ষার্থীদের কাছে আপনাদের সম্মানের কোনো জায়গাই বাকি থাকল না। আপনারা শিক্ষক হিসেবে নিরপেক্ষ থাকুন, শিক্ষকসুলভ আচরণ করুন।”

জোনায়েদ সাকি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগেও ছাত্রদের উপর হামলা হয়েছে, কিন্তু হামলার পর ঘটনাকে উল্টোভাবে ঘোরানো ও প্রচার করা এর আগে কখনও হয়নি।”

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শিক্ষক হয়েছেন, উপাচার্য হয়েছেন শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা প্রয়োজনে যখন খুশি আপনাদের কাছে যাবে। আপনারা তাদের সাথে কথা বলে তাদের সমস্যার সমাধান করতে বাধ্য।”

শিক্ষার্থীদের আন্দোলন ও তাদের ওপর হামলার ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন মিথ্যাচার করছে অভিযোগ করে সাকি বলেন, “মিথ্যা বলতে গিয়ে আপনারা ঠিকমত সাজাতে পারেন না। একজনের কথার সাথে আরেকজনের কথার মিল নেই। ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে বেশি দিন টিকতে পারবেন না।”

আন্দোলনকারীদের ‘বহিরাগত’ বলায় এর সমালোচনা করে তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে কেউ বহিরাগত নয়। সারা দেশের মানুষের টাকায় এ বিশ্ববিদ্যালয় চলে, আপনাদের বেতন হয়। তাই দেশের প্রতিটি মানুষের অধিকার আছে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কথা বলার।”

অধ্যাপক এ এন রাশেদা বলেন, “বর্তমান ভিসি বা আগের ভিসি-এদের কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতা এদেশের প্রধানমন্ত্রীর হাতে। তার নির্দেশ ছাড়া পিঁপড়াও নড়ে না।

“প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপর দেড় লক্ষ শিক্ষার্থীর বোঝা চাপিয়ে দিয়েছেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেটা গ্রহণ করেছে। শিক্ষা সম্পর্কে প্রধানমন্ত্রীর কোনো ধারণা-ই নেই। উনি ভালো শাসক হতে পারেন, কিন্তু শিক্ষাবিদ নন।”