‘নিরপেক্ষ ভূমিকা রাখছে না’ ঢাবি প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘নিরপেক্ষ ভূমিকা না রেখে’ আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে বলে অভিযোগ করেছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪৬ জন শিক্ষক।
শুক্রবার এক যুক্ত বিবৃতিতে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের করা মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা।
বিবৃতিতে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট পরিস্থিতিতে প্রশাসন যে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, সংবাদমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিই তার প্রমাণ। নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল না হয়ে তাদের প্রতিপক্ষ হয়ে ওঠা এবং আন্দোলন দমাতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে ব্যবহার বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ভাবমূর্তিকে ভীষণভাবে ক্ষুণ্ন করছে। এ অবস্থায় শিক্ষার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে।
“আমরা অবিলম্বে শিক্ষার্থীদের উপর নিপীড়ন ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানাই।”
রাজধানীর সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরতদের উপর ছাত্রলীগের হামলায় ছাত্রী নিপীড়নের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
‘ছাত্রী নিপীড়নে’ জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কারের দাবিতে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে একদল শিক্ষার্থী, যাদের মধ্যে সক্রিয় ছিলেন বাম ছাত্র সংগঠনগুলোর নেতারা।
অন্তত তিনটি ফটক ভেঙে তারা অবস্থান নেন উপাচার্যের দরজার সামনের করিডোরে। তিন ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান পেছনের ফটক দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও আন্দোলনকারীরা তাকে আটকে দেয়।
পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল আন্দোলনকারীদের পিটিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেয়।
সরকার সমর্থক সংগঠনটির নেতা-কর্মীরা সে সময় রড-লাঠি নিয়ে চড়াও হন বিক্ষোভকারীদের ওপর; উপাচার্য ভবন থেকে থেকে সরিয়ে দেওয়ার পরও বিভিন্ন স্থানে কয়েক দফায় হামলা হয় বলে বিক্ষোভকারীদের অভিযোগ।
এ ঘটনা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকদের বিবৃতিতে বলা হয়েছে, “আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ন্যায্য হলে তা মেনে নিয়ে, কিংবা দাবির যৌক্তিকতা না থাকলে সেখানে শিক্ষার্থীদের যুক্তি দিয়ে বুঝিয়ে ও ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
“কিন্তু এক্ষেত্রে প্রশাসন সে পথে না গিয়ে ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে।”
এ ঘটনার পরের দুই দিন ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন করে উপাচার্য কার্যালয়ের ফটক ভাংচুরকারীদের শাস্তির দাবি জানায় ছাত্রলীগ। অন্যদিকে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় ২৯ জানুয়ারি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রক্টর কার্যালয় ও উপাচার্য কার্যালয় ঘেরাওয়ের মতো ‘প্রচলিত সাধারণ কর্মসূচি’ ঠেকাতে বিভিন্ন ফটকে তালা দেওয়ারও সমালোচনা করেন বিবৃতিদাতা শিক্ষকরা।
“অথচ হামলার ঘটনার পরের দিন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নিপীড়নবিরোধী আন্দোলনের নেতৃত্বকে বহিষ্কারের দাবিতে ছাত্রলীগ ভিসি কার্যালয় ঘেরাও করলে তখন উপাচার্যের কার্যালয়ের বাইরের ফটক কিন্তু উন্মুক্তই ছিল! এতে পুনরায় প্রমাণিত হলো যে প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না,” বলা হয়েছে বিবৃতিতে।
এই ধরনের ‘দুঃখজনক ঘটনা’ এড়াতে হাই কোর্টের নির্দেশনা মোতাবেক ছাত্রদের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের জন্য ডাকসু নির্বাচন আয়োজনের দাবি জানান ওই শিক্ষকরা।
বিবৃতিদাতাদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেহাল করিম, এম এম আকাশ, গীতি আরা নাসরীন, কাবেরী গায়েন, ফাহমিদুল হক, তানজীম উদ্দিন খান, সামিনা লুৎফা, মোহাম্মদ আজম, মোশাহিদা সুলতানা, দেবাশীষ কুণ্ডু, সাজ্জাদ এইচ সিদ্দিকী, মুনাসির কামাল, অতনু রব্বানী, দীপ্তি দত্ত; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, নাসিম আখতার হোসাইন, সৈয়দ নিজার আলম, মির্জা তাসলিমা সুলতানা, আইনুন নাহার, রায়হান রাইন, মানস চৌধুরী, পারভীন জলি, হিমেল বরকত, খন্দকার হালিমা আখতার রিবন, রেজওয়ানা করিম স্নিগ্ধা, মোশরেফা অদিতি হক, মাহমুদুল হাসান সুমন, স্বাধীন সেন, সাঈদ ফেরদৌস, শরমিন্দ নিলোর্মি; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভী চৌধুরী, তানভীর আহসান, ফারহানা সুস্মিতা, সৌম্য সরকার, কাজী অর্ক রহমান; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর রাজী; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গৌতম দত্ত; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম; ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তানজীম তিতিল; বশেমুরবিপ্রবির শিক্ষক সুকান্ত বিশ্বাস, কাজী মশিউর রহমান, হাবিবুর রহমান; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুল হক ভুঁইয়া, মুহাম্মদ সোহরাব উদ্দীন; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. আবুল কাশেম এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গাজী এম এ জলিল।
