২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার ষড়যন্ত্র: শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সংঘটিত ঘটনাকে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে মনে করছে শিক্ষক সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 09:26 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

পুরনো খবর:

ভিসিকে উদ্ধারে বিক্ষোভকারী শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ
উপাচার্যকে আক্রমণ করেছিল আন্দোলনকারীরা: ঢাবি কর্তৃপক্ষ

বুধবার শিক্ষক সমিতির এক বিবৃতিতে বলা হয়, “এ ঘটনায় কিছু কিছু বহিরাগত সন্ত্রাসী কর্তৃক বিশ্ববিদ্যালয়কে অশান্ত করা তথা একটি বিশেষ মহল কর্তৃক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের নির্বাচনপূর্ব অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপপ্রয়াস বলেই প্রতীয়মান হয়।”

অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত ‘সাধারণ শিক্ষার্থী’দের হয়রানির বিচার দাবিতে মঙ্গলবার ‘নির্যাতনবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে অবরুদ্ধ করা করা হলে তাদের পিটিয়ে উপাচার্যকে উদ্ধার করে ছাত্রলীগ।

শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, তারা ‘অছাত্রদের’ কবল থেকে উপাচার্যকে উদ্ধার করতে গিয়েছিলেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের উপর হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে দাবি করে, অধ্যাপক আখতারুজ্জামান আক্রমণের সম্মুখীন হয়েছিলেন।

আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নিয়ন্ত্রণাধীন শিক্ষক সমিতিও এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরূপ মত প্রকাশ করেছে; তবে সমিতি মনে করে, এটা করেছে ‘বহিরাগতরা’।

তবে সমিতি একই সঙ্গে বলেছে, “প্রশাসনিক ভবনে ভাংচুর, বিশ্ববিদ্যালয়ের সম্পদের ক্ষতিসাধন তদুপরি শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ ও মাননীয় উপাচার্যকে শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী দ্বারা সংঘটিত হয়েছে বলে শিক্ষক সমিতি মনে করে না।”

সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত এই বিবৃতিতে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য ও সহযোগিতা করার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের অনুরোধ করা হয়।

Image
উপাচার্য ভবনের ফটক ভেঙে ঢুকে অধ্যাপক আখতারুজ্জামানকে অবরুদ্ধ করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা- ছবি: দীপু মালাকার

উপাচার্য ভবনের ফটক ভেঙে ঢুকে অধ্যাপক আখতারুজ্জামানকে অবরুদ্ধ করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা- ছবি: দীপু মালাকার

একই সঙ্গে ‘কোনো দুষ্টচক্র যেন দেশের চলমান উন্নয়নের ধারাকে ব্যাহত করতে না পারে সেজন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে সত্য ঘটনা প্রকাশের মাধ্যমে’ সবাইকে সচেতন করারও অনুরোধ করা হয়।

নিরপেক্ষ তদন্তের দাবি সাদা দলের

ক্যাম্পাসে ধারাবাহিক সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকরা।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. আখতার হোসেন খান এক বিবৃতিতে বলেন, “আন্দোলনের নামে কেউ যদি বাড়াবাড়ি করে, তবে তা মোকাবেলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মবিধি রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন দমনের দায়িত্ব কোনো ছাত্র সংগঠনের নিজের হাতে তুলে নেওয়াটা কাম্য হতে পারে না।

“আর এটি করতে যেয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর, বিশেষ করে ছাত্রীদের উপর যে হামলা ও নির্যাতন করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

সাদা দল বলেছে, আন্দোলনের নামে অশোভন আচরণ যেমন কাম্য নয়, তেমনি আন্দোলন দমনের নামে সহিংসতাও মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে বলা হয়, “উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আরও বিচক্ষণ, ধৈর্য ও সহনশীল ভূমিকা প্রত্যাশিত ছিল। তাহলেই হয়ত এধরনের অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক ঘটনা এড়ানো সম্ভব হত।”