রাব্বীর অভিযোগ মামলা হিসেবে নেওয়ার নির্দেশ
পুলিশি নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর করা লিখিত অভিযোগ ‘এফআইআর’ হিসেবে নিতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সেইসঙ্গে রাব্বীকে ‘বেআইনি’ নির্যাতন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা হবে না- তাও জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।
সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ও এক গণমাধ্যমকর্মীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
নির্যাতন নিয়ে আদালত যে রুল দিয়েছে- দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহা পরিদর্শক, তেজগাঁও বিভাগের উপকমিশনার, মোহাম্মদপুর থানার ওসি এবং ‘নির্যাতক’ এসআই মাসুদ শিকদারসহ বিবাদীদের তার জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনে নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং তিন কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে রুল চাওয়া হলেও আদালত সে নির্দেশ দেয়নি।
রাব্বীকে নির্যাতনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, এস এম জুলফিকার আলী এবং রেডিও ধ্বনির নিউজ ব্রডকাস্টার জাহিদ হাসান রোববার রিট আবেদনটি করেন।
সোমবার আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
শুনানিতে মাহবুব উদ্দিন বলেন, “রাব্বী পাবলিক সার্ভেন্ট, ৯ জানুয়ারি পুলিশ তাকে আড়াই ঘণ্টার মতো আটকে রাখে ও নির্যাতন করে। এফআইআর করা হলেও তা নেয়নি। গর্ভননের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও এফআইআর হয়নি, যেহেতু পুলিশ।”
এরপর রাব্বীর করা ওই লিখিত অভিযোগ থেকে পড়ে শোনান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক খোকন।
এরপর আদালত আদেশ দেওয়ার প্রস্তুতি নিলে সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় একদিন সময় চেয়ে বলেন, “আমরা আবেদনের কপি পাইনি। ওই পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।”
এ পর্যায়ে মাহবুবউদ্দিন বলেন, “ওই ঘটনায় দুই কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি প্রতিবেদন দিয়েছে, তাতে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে।”
কে তদন্ত করেছে- আদালত জানতে চাইলে এই আইনজীবী বলেন, পুলিশ তদন্ত করেছে।
অরবিন্দ রায় বলেন, “পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় পার হয়ে যায়নি, মঙ্গলবার অগ্রগতি জানাই।”
আদালত বলেন, একটা লোক নির্যাতিত হয়েছে, তার কি সুরক্ষা পাওয়ার অধিকার নেই?
মাহবুবউদ্দিন বলেন, ৯ জানুয়ারি ঘটনা ঘটেছে, এখনও এফআইআর হয়নি।
এ সময় আদালত আইন কর্মকর্তার উদ্দেশে বলেন, ৯ তারিখের ঘটনা, আজ ১৮ তারিখ এফআইআর হয়নি, আর কী চান?
“এরেস্ট, জুডিশিয়াল ইনকোয়ারি ও ক্ষতিপূরণ বিষয়ে বলছি না, কেবল এফআইআরের বিষয়ে নির্দেশনা ও রুল দিচ্ছি।”
গত ১১ জানুয়ারি ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেছিলেন রাব্বী। সেই লিখিত অভিযোগ এজাহার হিসেবে গণ্য করতেই আদালত নির্দেশ দিয়েছে।
গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক করে পুলিশ। পরে তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ অর্থ আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ।
সে সময় রাব্বীকে মারধরও করা হয়। ডান হাতের কনুই ও বাঁ পায়ে ক্ষত নিয়ে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তবে ওই অভিযোগ অস্বীকার করে এসআই মাসুদ বলেছেন, এতো রাতে রাব্বী কেন ওই এলাকায় গিয়েছিলেন, তার কোনো ‘সদুত্তর’ তিনি দিতে পারেননি।
ওই অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পুলিশ কর্তৃপক্ষ ইতোমধ্যে মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করেছে।
