২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাব্বীকে নির্যাতন: বিচারিক তদন্ত, ক্ষতিপূরণ চেয়ে রিট

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে পুলিশি নির্যাতনের ঘটনার বিচার বিভগীয় তদন্ত চেয়ে একটি রিট আবেদন হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 02:21 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

এতে মোহাম্মদপুর থানার এস আই মাসুদ শিকদারকে গ্রেপ্তার, রাব্বীর লিখিত অভিযোগ এজাহার হিসেবে গণ্য করার নির্দেশনা এবং তাকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ কেন দেওয়া হবে না- সে বিষয়ে রুল চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ও এক গণমাধ্যমকর্মীর পক্ষে রিট আবেদনটি করা হয়।

তিন আবেদনকারী হলেন- ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, এস এম জুলফিকার আলী এবং রেডিও ধ্বনির নিউজ ব্রডকাস্টার জাহিদ হাসান।

সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চে এর উপর শুনানি হতে পারে বলে আবেদনকারী ব্যারিস্টার এহসানুর জানিয়েছেন।

রিট আবেদন সংশ্লিষ্ট আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তেজগাঁও পুলিশের উপকমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেছিলেন রাব্বী।

সেই লিখিত অভিযোগ এজাহার হিসেবে গণ্য করতে এবং মাসুদ শিকদারকে গ্রেপ্তার করতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে আবেদনে।

এছাড়া অতিরিক্ত জেলা জজের নিচে নয়- এমন পদবির একজনের নেতৃত্বে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং তিন কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল চাওয়া হয়েছে বলে সানজিদ জানান।

“হেফাজতে নিয়ে রাব্বীকে নির্যাতন ও হয়রানি কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েও রুল দিতে বলা হয়েছে আবেদনে।”

স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহা পরিদর্শক, তেজগাঁও পুলিশের উপ কমিশনার, মোহাম্মদপুর থানার ওসি এবং এস আই মাসুদ শিকদারকে এই আবেদনে বিবাদী করা হয়েছে।

এছাড়া মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে এতে ‘মোকাবেলা বিবাদী’ করা হয়েছে বলে জানান তিনি।

গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক করে পুলিশ। পরে তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ অর্থ আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

সে সময় রাব্বীকে মারধরও করা হয়। ডান হাতের কনুই ও বাঁ পায়ে ক্ষত নিয়ে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

তবে ওই অভিযোগ অস্বীকার করে এসআই মাসুদ বলেছেন, এতো রাতে রাব্বী কেন ওই এলাকায় গিয়েছিলেন, তার কোনো ‘সদুত্তর’ তিনি দিতে পারেননি।

ওই অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পুলিশ কর্তৃপক্ষ ইতোমধ্যে মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করেছে।