Published : 25 Feb 2026, 01:17 PM
প্রাকৃতিক গ্যাস আমাদের দৈনন্দিন চাহিদার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। রান্নাঘরে চুলা জ্বালানো থেকে শুরু করে শীতের রাতে হিটার— সবকিছুতেই এর ব্যবহার।
তবে এই গ্যাস ঠিকঠাক নিয়ন্ত্রণ না করলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, “বাড়িতে গ্যাস লিকেজ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া অতি জরুরি। আগে থেকে সতর্ক থাকলে প্রাণ ও সম্পদ রক্ষা করা সম্ভব।”
বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে বা পাইপলাইনে উচ্চ চাপে গ্যাস আবদ্ধ থাকে। সামান্য ফাটল বা ‘লিক’ হলেই গ্যাস বেরিয়ে আসে।
আবদ্ধ জায়গায় জমে থাকা গ্যাস থেকে মারাত্মক দুর্ঘটনা ঘটে। তাই আগে থেকে জেনে নেওয়া দরকার গ্যাস লিকেজের লক্ষণগুলো কী কী।
প্রথম ও সবচেয়ে স্পষ্ট লক্ষণ— ঘরে পচা ডিমের মতো অস্বাভাবিক গন্ধ। প্রাকৃতিক গ্যাস মূলত কয়েক ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ এবং বাস্তবে গন্ধহীন।
তবে নিরাপত্তার জন্য ‘মার্কেপ্টেন’ নামক একপ্রকার গন্ধযুক্ত পদার্থ যুক্ত করা হয়। ফলে কোথাও গ্যাস লিকেজ হলে এই তীব্র পচা ডিমের গন্ধ নাকে আসে। এই গন্ধ পেলেই সতর্ক হোন— এটি গ্যাস লিকেজের সবচেয়ে নির্ভরযোগ্য সংকেত।
দ্বিতীয় লক্ষণ— তীক্ষ্ণ হিস হিস শব্দ। সিলিন্ডার বা পাইপের মধ্যে উচ্চ চাপে গ্যাস আবদ্ধ থাকে। লিকেজ হলে পাইপ বা সিলিন্ডারের ফাটল থেকে গ্যাস বেরিয়ে আসার সময় তীক্ষ্ণ হিস হিস শব্দ শোনা যায়। এই শব্দ শুনলে দেরি না করে সতর্ক হোন।
তৃতীয় লক্ষণ— ঘরের ছোট গাছ মরে যাওয়া। গ্যাস লিকেজ হলে ঘরের কিংবা পাশের বাগানের ছোট গাছগুলো অক্সিজেনের অভাবে মরে যেতে পারে। হুট করে টবের ছোট গাছ বা বাগানের গাছ মরে গেলে গ্যাস লিকেজ হয়েছে কি-না দেখুন।
চতুর্থ লক্ষণ— নানান রকম শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। গ্যাস লিকেজ হলে ঘরে অক্সিজেনের মাত্রা কমে যায়। ফলে শরীরে চাহিদা অনুযায়ী অক্সিজেন প্রবেশ করতে পারে না। এ কারণে মাথা ঘোরা, বমি বমি ভাব, মাথাব্যথা, ক্লান্তি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখলে দেরি না করে ব্যবস্থা নিন।
গ্যাস লিকেজ শনাক্ত হলে যা যা করবেন
ওপরের লক্ষণগুলো দেখে, শুনে ও বুঝে যদি নিশ্চিত হন যে গ্যাস লিকেজ হয়েছে, তাহলে দ্রুত পদক্ষেপ নিন।
প্রথমেই, দ্রুত স্থান ত্যাগ করুন। ঘর থেকে বের হয়ে ফাঁকা ও নিরাপদ জায়গায় আশ্রয় নিন।
দ্বিতীয়ত, কোনোভাবেই বৈদ্যুতিক যন্ত্র চালু করবেন না বা আগুন জ্বালাবেন না। সুইচ চাপবেন না, লাইটার বা দেশলাই জ্বালাবেন না।
তৃতীয়ত, দরজা-জানালা খুলে দিন যেন বাতাস ঢোকে।
চতুর্থত, গ্যাসের প্রধান সরবরাহ বন্ধ করুন।
পঞ্চমত, দ্রুত ফায়ার সার্ভিস ডাকুন।
দুর্ঘটনা প্রতিরোধের উপায়
নিয়মিত গ্যাসলাইন রক্ষণাবেক্ষণ করুন। প্রয়োজন ছাড়া গ্যাস লাইনের ব্যবহার বন্ধ রাখুন। সম্ভব হলে বাড়িতে কার্বন মনোক্সাইড শনাক্তকারী যন্ত্র লাগান।
গ্যাসের প্রধান সরবরাহ লাইন বন্ধ রাখার সুইচ হাতের নাগালে রাখুন। ঘরে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখুন।
গ্যাস লিকেজ একটি নীরব ঘাতক। সামান্য সতর্কতা ও সচেতনতায় এ থেকে রক্ষা পাওয়া সম্ভব। লক্ষণগুলো চেনা থাকলে এবং সঠিক পদক্ষেপ নিলে প্রাণ ও সম্পদ রক্ষা করা যায়।
আরও পড়ুন
আগুনে দগ্ধ হলে যা করতেই হবে: প্রাথমিক চিকিৎসা ও সতর্কতা