Published : 23 Jun 2026, 04:54 AM
প্রতিকূল আবহাওয়ার কারণে দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর, ফ্রান্স ও ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়।
ফিলাডেলফিয়ায় সোমবার বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু ম্যাচে কিলিয়ান এমবাপের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।
এই ম্যাচের আগে থেকেই ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস ছিল। প্রথমার্ধে খেলার মাঝেই নামে তুমুল বৃষ্টি।
এই বিশ্বকাপে নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে, খেলা ৩০ মিনিটের জন্য স্থগিত থাকবে এবং দর্শকদের নিরাপদ স্থানে যেতে বলা হবে। সেটিই কার্যকর করা হয় প্রথমার্ধের বিরতিতে।
স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করা হয়। গ্যালারিও প্রায় ফাঁকা হয়ে যায়। বৃষ্টি কমলে অনেকে আবার ফিরতে শুরু করে।
কিন্তু পরিস্থিতি অনুকূল না হওয়ায় খেলা শুরুর অপেক্ষা বাড়তে থাকে। দুই দলের খেলোয়াড়রা মাঠে নেমে শুরু করে দেয় ওয়ার্মআপ। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টায় শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।
এবারের বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচ আবহাওয়ার কারণে প্রভাবিত হলো।