Published : 22 Jun 2026, 11:45 PM
সুযোগ এসেছিল ম্যাচের শুরুতেই। কিন্তু পেনাল্টি মিস করে বসেন লিওনেল মেসি। তবে প্রথমার্ধেই চমৎকার এক গোল করে, মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টিনা অধিনায়ক।
এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে সাবেক জার্মান স্ট্রাইকার ক্লোসার (১৬) পাশে বসেন মেসি। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জালের দেখা পেয়ে এককভাবে চূড়ায় উঠলেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক (১৭)।
ডালাসে ম্যাচের নবম মিনিটে স্পট কিক বাইরে মারেন মেসি। গোলের জন্য অবশ্য খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি তাকে। ৩৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত।
বাঁ দিক থেকে ডি-বক্সের মুখে পাস বাড়ান ফাকুন্দো মেদিনা, মাঝপথে দারুণভাবে ডামি করে বল ছেড়ে দেন আলমাদা, এবং চোখের পলকে ছুটে গিয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার।
এই গোলে ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি আরেকটি কীর্তি গড়েন মেসি। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল করলেন ৩৮ বছর বয়সী তারকা। চার বছর আগে কাতারে শিরোপা জয়ের আসরে শুরু হয় তার এই যাত্রা।
আগের দুজন এই স্বাদ পান এক আসরেই- ১৯৫৮ সালে ফ্রান্সের জুস্ত ফঁতেন ও ১৯৭০ সালে ব্রাজিলের জাইরজিনিয়ো।
জাতীয় দলের হয়ে ২০১ ম্যাচে মেসির গোল হলো ১২১টি। তার ওপরে আছেন কেবল পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো (১৪৩)।
আরও পড়ুন-
'ক্লান্ত মেসি' সময়টা উপভোগ করছেন