Published : 23 Jul 2026, 12:37 PM
২৩ জুলাই বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের (১৯২৫–১৯৭৫) জন্মদিন। দিনটি শুধু একজন জাতীয় নেতার জন্মস্মরণের নয়; এটি এমন এক রাষ্ট্রনায়কের জীবন ও কর্ম পুনর্বিবেচনার উপলক্ষ্য, যিনি সংকটের মুহূর্তে নেতৃত্বের অর্থ, রাষ্ট্রচিন্তার গভীরতা এবং রাজনৈতিক নৈতিকতার অনন্য মানদণ্ড স্থাপন করেছিলেন।
ইতিহাসে সব নেতা সমান গুরুত্ব পান না। কেউ জনপ্রিয়তার জন্য স্মরণীয় হন, আবার কেউ সময়ের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে ইতিহাসে স্থায়ী স্থান করে নেন। কোনো রাষ্ট্রনায়কের প্রকৃত মূল্যায়ন হয় তার সিদ্ধান্ত, নৈতিক অবস্থান, দূরদর্শিতা এবং জাতীয় সংকট মোকাবিলার সক্ষমতার ভিত্তিতে। এই বিচারে যুদ্ধদিনের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রজ্ঞাবান রাষ্ট্রনেতাদের অন্যতম।
তার জীবনকে চারটি পর্বে দেখা যায়।
প্রথম পর্ব (১৯২৫–১৯৪৭) ছিল তার ব্যক্তিত্ব ও মূল্যবোধ গড়ে ওঠার সময়। বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক শিক্ষার পরিবেশ তাকে উদার, মানবিক ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দেয়। সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা ও জনসেবার যে আদর্শ তিনি কৈশোরেই ধারণ করেছিলেন, পরবর্তী জীবনে তা তার প্রতিটি রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে। দেশভাগের অভিজ্ঞতা তার মধ্যে রাষ্ট্র, জাতিসত্তা ও গণঅধিকারের প্রশ্নে গভীর রাজনৈতিক সচেতনতা তৈরি করে।
দ্বিতীয় পর্ব (১৯৪৭–১৯৭১) ছিল তার রাজনৈতিক পরিপক্বতার সময়। ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি ছিলেন নীরব কিন্তু অত্যন্ত কার্যকর সংগঠক। তিনি প্রচারের আলোয় থাকতে চাননি; সংগঠনকে শক্তিশালী করাকেই নিজের প্রধান দায়িত্ব মনে করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে তিনি বাঙালির স্বাধিকার আন্দোলনের সাংগঠনিক ভিত সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তবে তাজউদ্দীন আহমদের নেতৃত্বের প্রকৃত মূল্যায়ন করতে হলে ফিরে যেতে হয় ১৯৭১ সালের মার্চে। ২৫ মার্চ পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যা শুরু হলে এবং বঙ্গবন্ধু গ্রেপ্তার হলে জাতি গভীর অনিশ্চয়তার মুখে পড়ে। সেই সংকটে তাজউদ্দীন আহমদ দ্রুত রাজনৈতিক বাস্তবতা অনুধাবন করে একটি সাংবিধানিক ও বৈধ সরকার গঠনের উদ্যোগ নেন। ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল মুজিবনগরে শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি রেখে প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু মুক্তিযুদ্ধ পরিচালনাই করেননি; একই সঙ্গে প্রশাসনিক কাঠামো নির্মাণ, আন্তর্জাতিক সমর্থন অর্জন, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধের রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠার কঠিন দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধ শুধু সামরিক সংঘর্ষ ছিল না, একই সঙ্গে ছিল রাজনৈতিক নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা এবং প্রশাসনিক সক্ষমতারও পরীক্ষা। সীমিত সম্পদ, আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ মতভেদ এবং বহুমাত্রিক সংকটের মধ্যেও তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধকে রাজনৈতিক নেতৃত্বের অধীনে জনযুদ্ধের অবয়বে সুসংগঠিত রাখেন। তার নেতৃত্বে মুজিবনগর সরকার একটি কার্যকর রাষ্ট্রীয় কাঠামোয় পরিণত হয়, যা মুক্তিযুদ্ধ পরিচালনার পাশাপাশি স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক ভিত্তিও প্রস্তুত করে। ইতিহাসের এই অধ্যায় প্রমাণ করে, যুদ্ধক্ষেত্রে বিজয়ের জন্য যেমন সাহস প্রয়োজন, তেমনি প্রয়োজন সংগঠন, পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক নেতৃত্ব।
তার নেতৃত্বের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল আত্মমর্যাদাবোধ। ভারত সীমান্তে পৌঁছে তিনি নিজেকে উদ্বাস্তু হিসেবে নয়, বাংলাদেশের বৈধ সরকারের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতে চেয়েছিলেন। পরিচয়ের এই স্বীকৃতি আদায় কোনো ব্যক্তিগত অহংকার ছিল না; ছিল একটি সংগ্রামরত রাষ্ট্রের মর্যাদা রক্ষার প্রশ্ন। তিনি স্বাধীনতার সংগ্রামকে করুণার আবেদন হিসেবে নয়, একটি জাতির আত্মনিয়ন্ত্রণের ন্যায্য অধিকার হিসেবে বিশ্বসমাজের সামনে উপস্থাপন করেছিলেন।
স্বাধীনতার পর দেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে তার সামনে ছিল যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের কঠিন দায়িত্ব। সীমিত সম্পদ, বিধ্বস্ত অবকাঠামো এবং বিপুল জনআকাঙ্ক্ষার মধ্যেও তিনি রাষ্ট্র পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করেন। ক্ষমতা তার চরিত্রকে পরিবর্তন করতে পারেনি। তিনি রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিগত সম্পর্ক বা আবেগকে কখনো প্রাধান্য দেননি। ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও একজন কর্মকর্তার পদোন্নতি কেবল নথি ও প্রমাণের ভিত্তিতে অনুমোদনের ঘটনা তার ন্যায়বোধ, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং প্রাতিষ্ঠানিক মানসিকতার উজ্জ্বল উদাহরণ।
তার সমসাময়িকরাও তার নেতৃত্বের অসাধারণত্ব স্বীকার করেছেন। মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা সা’দত হুসাইন তাকে ‘ক্ষণজন্মা’ রাষ্ট্রনায়ক বলে অভিহিত করেছিলেন। তার মূল্যায়নে, তাজউদ্দীন আহমদের সাংগঠনিক দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা এবং নৈতিক দৃঢ়তা বিশ্ব ইতিহাসেও বিরল। একইভাবে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের স্মৃতিচারণে উঠে আসে তার বাস্তববাদী নেতৃত্বের পরিচয়। মুক্তিযুদ্ধের সময় একটি ব্যয়বহুল নাশকতামূলক পরিকল্পনা অনুমোদন না দিয়ে তিনি যুক্তি দিয়েছিলেন, সীমিত সম্পদ দেশের নিজস্ব যুদ্ধসামর্থ্য গড়ে তুলতেই ব্যয় করা উচিত। এই সিদ্ধান্ত তার কৌশলগত দূরদর্শিতা এবং রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়িত্বশীল মনোভাবের পরিচায়ক।
তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় হলো, নীতির সঙ্গে আপস না করায় তিনি ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্র থেকে দূরে সরে যান। ১৯৭৪ সালে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। কিন্তু ব্যক্তিগত অবস্থান বা রাজনৈতিক ভবিষ্যতের জন্য আদর্শ বিসর্জন দেননি। ১৯৭৫-এর ১৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে গ্রেপ্তার করা হয় এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার অন্যতম হিসেবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তার জীবনাবসান ঘটে, কিন্তু তার রাজনৈতিক আদর্শ ইতিহাসে স্থায়ী হয়ে থাকে।

তার দূরদর্শিতার আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত পাওয়া যায় মুক্তিযুদ্ধে বিজয়ের পরপরই। ১৬ ডিসেম্বর ১৯৭১, যখন সমগ্র জাতি বিজয়ের আনন্দে উদ্যাপন করছে, তখন তিনি প্রশ্ন করেছিলেন, “দেশ তো স্বাধীন হলো, কিন্তু এই দেশ মানুষের বসবাসের যোগ্য হবে তো?” এই প্রশ্নে স্বাধীনতার উচ্ছ্বাসের চেয়ে রাষ্ট্রগঠনের দায়িত্ববোধই অধিক প্রতিফলিত হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রকে ন্যায়ভিত্তিক, সুশাসনসম্পন্ন এবং জনকল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তর করাই যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সে সম্পর্কে তার উপলব্ধি ছিল গভীর।
এই কারণেই তাজউদ্দীন আহমদ আজও প্রাসঙ্গিক। তার নেতৃত্ব ছিল নীতিনিষ্ঠ, তার রাষ্ট্রচিন্তা ছিল প্রাতিষ্ঠানিক এবং তার রাজনীতি ছিল জনকল্যাণমুখী। তিনি ব্যক্তি-নির্ভর নয়, আইন, প্রতিষ্ঠান, জবাবদিহি এবং সাংবিধানিক বৈধতার ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাস করতেন। সংকট মোকাবিলায় তিনি আবেগের পরিবর্তে দূরদর্শিতা, সংগঠন, দক্ষতা এবং কৌশলকে প্রাধান্য দিয়েছেন। ক্ষমতাকে তিনি কখনো লক্ষ্য নয়, দায়িত্ব হিসেবে দেখেছেন; ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে স্থান দিয়েছেন এবং আদর্শের প্রশ্নে আপস না করেই ইতিহাসে নিজের স্থান নিশ্চিত করেছেন।
আজ যখন গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন, শক্তিশালী প্রতিষ্ঠান, দুর্নীতিবিরোধী অবস্থান এবং নৈতিক নেতৃত্বের প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে, তখন তাজউদ্দীন আহমদের জীবন ও কর্ম শুধু ইতিহাসের স্মারক নয়; সমকালীন বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। তার বিখ্যাত উচ্চারণ—“মুছে যাক আমার নাম, তবু বেঁচে থাক বাংলাদেশ”—শুধু আবেগঘন একটি বাক্য নয়; এটি তার রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শনের সারমর্ম। এখানে ব্যক্তি নয়, রাষ্ট্র; ক্ষমতা নয়, দায়িত্ব; আত্মপ্রচার নয়, আত্মত্যাগ—এই মূল্যবোধই মুখ্য।
তাজউদ্দীন আহমদকে স্মরণ করা মানে শুধু একজন মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন নয়; বরং এমন এক রাজনৈতিক সংস্কৃতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা, যেখানে সততা, ন্যায়বিচার, দক্ষতা, জবাবদিহি এবং জনকল্যাণ নেতৃত্বের মৌলিক শর্ত। ব্যক্তি তাজউদ্দীন ইতিহাসের অংশ; কিন্তু তার আদর্শ বাংলাদেশের গণতান্ত্রিক, প্রাতিষ্ঠানিক ও নৈতিক রাষ্ট্রগঠনের পথে আজও এক উজ্জ্বল পথপ্রদর্শক।
শুভ কিবরিয়া সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। ই-মেইল: [email protected]