Published : 22 Jul 2026, 06:17 PM
ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা এবার ৩২ থেকে এক লাফে বাড়িয়ে ৪৮ করায়, স্বাভাবিকভাবেই বেড়ে যায় গোলের সংখ্যা। গোলের হিসেবে হয়েছে বেশ কিছু নতুন রেকর্ডও। এত এত গোলের ভিড়ে গোলদাতাদের তালিকায় একক ক্লাবের খেলোয়াড়দের বিবেচনায় দাপট দেখা গেছে রেয়াল মাদ্রিদের।
রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা এবারের বিশ্বকাপে মোট ২২টি গোল করেছেন; এর ১০টিই ফরাসি তারকা কিলিয়ান এমবাপের, এটা আসরের সর্বোচ্চ গোলের রেকর্ডও। আর সাতটি করেছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, চারটি ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র ও একটি তুরস্কের আর্দা গিলের।
দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি গোল করেছেন পিএসজির ফুটবলাররা, আর্সেনালের খেলোয়াড়রা করেছেন ১৩টি।
তবে, আসরের সবচেয়ে মূল্যবান গোলটি করেছেন বার্সেলোনার ফেররান তরেস। ফাইনালে তার একমাত্র গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।
লিগ হিসেবে সবচেয়ে বেশি গোল এসেছে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের থেকে, ৭৯টি; আসরের মোট ৩০৮ গোলের যা ২৫.৬ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ৪১টি স্পেনের লা লিগার খেলোয়াড়দের।
তালিকায় পরের তিনটি স্থানে জার্মানির বুন্ডেসলিগা (২৫), ফ্রান্সের লিগ আঁ (২৩) ও ইতালি (২২)।