২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার ধরা পড়ল তারার ‘শেষ পারমাণবিক হৃদস্পন্দন’

অ্যালমা টেলিস্কোপ থেকে পাওয়া নতুন পর্যবেক্ষণে দেখা গেছে, সূর্যের ‘মৃত্যুযন্ত্রণা’ বিজ্ঞানীরা শুরুতে যা ধারণা করেছিলেন তার চেয়ে ভিন্ন হতে পারে।

প্রথমবার ধরা পড়ল তারার ‘শেষ পারমাণবিক হৃদস্পন্দন’

কাছাকাছি থাকা সঙ্গী তারা থেকে মৃতপ্রায় তারার দিকে উপাদান টেনে নেওয়ার পরোক্ষ প্রমাণ হল এসব চাকতি। ছবি: ইএসও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 02:06 PM

Updated : 26 Nov 2026, 02:06 PM

সূর্য যতই চিরচেনা ও সর্বব্যাপী মনে হোক না কেন এই তারা চিরন্তন নয়। কোটি কোটি বছর পর হলেও একদিন এর মৃত্যু ঘটবে। বড় তারাগুলোর সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মৃত্যু হলেও সূর্য ও সমভরের তারাগুলোর মৃত্যু হয় শান্তভাবে।

তবে এর মানে এই নয় যে, এসব তারা একেবারে নিঃশব্দে নিভে যায়।

বিজ্ঞানভিত্তিক সাইট স্পেস ডটকম প্রতিবেদনে লিখেছে, উত্তর চিলিতে অবস্থিত ৬৬টি অ্যান্টেনা নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ ‘আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে’ বা অ্যালমা থেকে পাওয়া নতুন পর্যবেক্ষণে দেখা গেছে, সূর্যের ‘মৃত্যুযন্ত্রণা’ বিজ্ঞানীরা শুরুতে যা ধারণা করেছিলেন তার চেয়ে ভিন্ন হতে পারে।

এ গবেষণার নেতৃত্ব দেওয়া নাসার ‘জেট প্রপালশন ল্যাবরেটরি’ বা জেপিএল-এর গবেষক রাঘবেন্দ্র সাহাই অ্যালমা পর্যবেক্ষণের চিত্রটি ব্যাখ্যা করে বলেছেন, “এটা এমন এক ঘটনার বাস্তব স্থিরচিত্র, যা এতদিন আমরা কেবল তাত্ত্বিক মডেল থেকে অনুমান করতাম।

“এই প্রথম আমরা গ্যাসের মধ্যে জমে থাকা একটি তারার শেষ পারমাণবিক হৃদস্পন্দন ধরতে পেরেছি।”

সূর্যের মতো তারাগুলোর ‘মৃত্যু’ ঘটে যখন এদের কেন্দ্রের হাইড্রোজেন ফুরিয়ে যায়। এর মানে, তারার কেন্দ্রে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরির ফিউশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

যেহেতু এই পারমাণবিক প্রক্রিয়ায় তারার শক্তির প্রধান উৎস ফলে নিজের মহাকর্ষ বলের ভেতরের দিকের টান সামলানোর মতো বাইরের দিকের চাপ তারাটির আর থাকে না।

তারার কেন্দ্রটি সংকুচিত হয়ে ‘হোয়াইট ডোয়ার্ফ’ বা শ্বেত বামন তৈরির সময় বাইরের স্তরগুলো, যেখানে তখনও হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়াম তৈরি হতে থাকে তা ফুলে উঠতে শুরু করে।

এ প্রসারণের ফলে তুলনামূলক স্বল্পস্থায়ী ‘রেড জায়ান্ট’ বা লোহিত দানব দশার তৈরি হয়। একসময় এর বাইরের বিভিন্ন স্তর শীতল হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে ও মাঝখানে থাকা শ্বেত বামনটিকে ঘিরে ধ্বংসাবশেষের খোলস তৈরি হয়, যাকে ‘প্ল্যানেটারি নেবুলা’ বলে।

লোহিত দানব দশায় তারার কেন্দ্রটি হাইড্রোজেন ও হিলিয়ামের স্তর দিয়ে ঘেরা থাকা অবস্থায় মাঝেমধ্যে এসব স্তরে পারমাণবিক সক্রিয়তার তীব্র বিস্ফোরণ বা ঝলকানি দেখা দেয়, যাকে বলে ‘থার্মাল পালস’। এসব ঘটনার সময় তারার উপাদান মহাকাশে ছিটকে বেরিয়ে যায়।

নাক্ষত্রিক বিবর্তনের এই পর্যায় আরও ভালোভাবে বুঝতে গবেষক দলটি ‘মনোসেরস’ তারামণ্ডলে প্রায় ১২ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’ নামের এক তারার দিকে অ্যালমা টেলিস্কোপ তাক করেছেন।

এতে গ্যাসের বড় এক বলয় ধরা পড়ে, যা তারাটির শেষ তাপ-পারমাণবিক বিস্ফোরণের জমে যাওয়া জীবাশ্ম বা ফসিল বলে মনে হচ্ছে। এই তাপ-পারমাণবিক জীবাশ্মটি বালিঘড়ি আকৃতির এক গঠনরত প্ল্যানেটারি নেবুলাকে ঘিরে রেখেছে।

সাহাই বলেছেন, “আমরা সাধারণত তারাকে আকাশে স্থির আলোর বিন্দু হিসেবে দেখি। কিন্তু এই ছবিতে ধরা পড়েছে তারার মৃত্যুর মুহূর্ত। একটি ফুলে ওঠা লোহিত দানব তারা যখন উজ্জ্বল প্ল্যানেটারি নেবুলায় পরিণত হচ্ছে, তখনকার এই সংক্ষিপ্ত ও অস্থির সময়টিকে ছবিতে ধরে রাখা হয়েছে।”

গবেষক দলটি নির্ণয় করেছে ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’-এর গ্যাসের খোলসটি প্রায় অর্ধেক আলোকবর্ষ জুড়ে বিস্তৃত ও প্রায় ৬ হাজার ৫০০ বছর আগে তা মহাকাশে ছিটকে বেরিয়ে এসেছিল।

এ ধরনের তারা জীবনের চূড়ান্ত পর্যায়ে প্রবেশের আগে যে শেষ ‘থার্মাল পালস’ বা তাপ-পারমাণবিক বিস্ফোরণের মধ্য দিয়ে যায় এমনটা তার প্রথম সরাসরি প্রমাণ।

গবেষকরা বলছেন, ওই বিস্ফোরণের পর প্রায় ২ হাজার বছর ধরে তারাটি ধীরগতিতে ভর হারাচ্ছিল। এরপর পরবর্তী ১ হাজার বছরে এই ভর হারানোর গতি তীব্রভাবে বেড়ে যায়।

এর ফলে গ্যাসের এবড়োখেবড়ো খোলস তৈরি হয়, যা বর্তমানে মৃতপ্রায় তারাটির চারপাশে জট পাকানো উপাদানের তন্তু হিসেবে দেখা যাচ্ছে।

এসব তন্তুর সর্পিল আকার থেকে ইঙ্গিত মেলে ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’-এর আশপাশে হয়ত কোনো অদৃশ্য সঙ্গী তারা ঘুরছে, যা গ্যাসগুলোকে আলোড়িত করছে।

এদিকে, তারাটির ঠিক চারপাশে থাকা বালিঘড়ি আকৃতির নেবুলাটি প্রায় ৭০০ বছর আগে রূপ নিতে শুরু করে। এর মানে, অন্তত মহাজাগতিক সময়ের হিসাবে, ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’-এর লোহিত দানব দশা খুব সম্প্রতি শেষ হয়েছে।

‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’ নিয়ে অ্যালমা টেলিস্কোপের পর্যবেক্ষণে কিছু অপ্রত্যাশিত বিষয়ও উঠে এসেছে।

Image

বিস্ফোরণের পর প্রায় ২ হাজার বছর ধরে তারাটি ধীরগতিতে ভর হারাচ্ছিল। পরবর্তী ১ হাজার বছরে এই ভর হারানোর গতি তীব্রভাবে বেড়ে যায়। ছবি: ইএসও

মৃতপ্রায় তারার অদ্ভুত রসায়ন

গবেষক দলটি ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’-এর আশপাশে কার্বন, অক্সিজেন ও নাইট্রোজেনের মতো বিভিন্ন মৌলের ভারী সংস্করণ বা আইসোটোপের অপ্রত্যাশিত প্রাচুর্য খুঁজে পেয়েছেন।

‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’-এর মতো তারাগুলো কীভাবে মৌল তৈরি করে ও সেগুলোকে আশপাশে ছড়িয়ে দেয় প্রচলিত তাত্ত্বিক মডেলের সঙ্গে এই ফলাফল মেলে না।

তবে কিছু অদ্ভুত নাক্ষত্রিক বস্তুর আশপাশে এমন বৈশিষ্ট্য আগে দেখা গেছে, যার পেছনে প্রচণ্ড পারমাণবিক ফিউশন বিস্ফোরণকে কারণ হিসেবে ধারণা করা হয়।

অপ্রত্যাশিত কিছু দেখার পাশাপাশি গবেষকরা এমন কিছু বিষয়ও খুঁজে পাননি, যা তারা পর্যবেক্ষণ করার আশা করেছিলেন।

‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’-এর মতো মৃতপ্রায় তারাগুলোর ক্ষেত্রে আগে দেখা গেছে, এগুলোর সঙ্গী তারা থাকে ও সেগুলো ধূলিকণার ঘন চাকতির ভেতরে অবস্থান করে।

কাছাকাছি থাকা সঙ্গী তারা থেকে মৃতপ্রায় তারার দিকে উপাদান টেনে নেওয়ার পরোক্ষ প্রমাণ হল এসব চাকতি। জেট-প্রবাহের মাধ্যমে খোদাই করা বালিঘড়ি আকৃতির নেবুলার ব্যাখ্যা দিতে বিজ্ঞানীরা এই প্রক্রিয়া ব্যবহার করে আসছেন।

তবে ‘আইআরএএস ০৬৫৩০’-এর আশপাশে এমন কোনো চাকতি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে অ্যালমা। গবেষক দলটির মতে, এমনটা হতে পারে যে সেখানে একটি চাকতি ছিল তবে তা খুব স্বল্প সময়ের জন্য।

ওই সময়ে সেটা উচ্চগতির জেট-প্রবাহের সংক্ষিপ্ত বিস্ফোরণ ঘটিয়ে বালিঘড়ির আকৃতি তৈরিতে সাহায্য করেছিল ও এরপর চাকতিটি স্রেফ মিলিয়ে গেছে।

সাহাই বলেছেন, “মৃতপ্রায় তারাগুলোর প্রায়ই লুকানো সঙ্গী থাকে, যা তারা থেকে ছিটকে বেরোনো উপাদানগুলোকে গোলকের পরিবর্তে জটিল, দ্বিমেরু বা বহুমেরু আকৃতি দেয়। ‘আইআরএএস ০৬৫৩০’ দেখিয়ে দিল, বিষয়টি আমাদের এতদিনের সহজ-সরল ব্যাখ্যার চেয়েও বেশি জটিল।”