Published : 11 Jul 2026, 04:09 PM
বিশ্বকাপের শুরুর দিকের জড়তা কাটিয়ে উঠেছে নরওয়ে। ব্রাজিলকে হারিয়ে প্রথমবার মতো জায়গা করে নিয়েছে কোয়ার্টার-ফাইনালে। এবার ইংল্যান্ডকে হারানোর লক্ষ্য তাদের। দলটির কোচ স্তলে সুরবাকেন বলেছেন, দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচটির জন্য প্রস্তুত তারা।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ১২ জুলাই বাংলাদেশ সময় ৩টায় (এএম) ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে।
ইরাকের বিপক্ষে প্রথম গ্রুপ ম্যাচে নরওয়ের শুরুটা বেশ নড়বড়ে হয়েছিল। সুরবাকেন স্বীকার করেছেন যে, বিশ্বকাপের মতো বড় আসরে প্রথম ম্যাচ হওয়ায় তার খেলোয়াড়রা কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। যদিও পরে সেই চাপ কাটিয়ে ৪-১ ব্যবধানের জয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরার উপলক্ষ রাঙায় তারা।
পরের ম্যাচেই সেনেগালকে হারিয়ে শেষ বত্রিশে খেলা নিশ্চিত করে নরওয়ে। শেষ গ্রুপ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে তারা হেরে যায় ৪-১ গোলে।
শেষ বত্রিশে আইভরি কোস্টকে হারায় নরওয়ে। পরে শেষ ষোলোয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নেওয়ার কীর্তি গড়ে তারা। ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দলকে আবেগ নিয়ন্ত্রণে রেখে, চাপমুক্ত থেকে খেলার পরামর্শ দিয়েছেন সুরবাকেন।
“আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বল পায়ে আমরা যেন নিজেদের স্বাভাবিক খেলাটা খেলি। ম্যাচের চারপাশের পরিবেশ নিয়ে নয়, আমাদের মনোযোগ যেন মাঠের খেলায় থাকে এবং আমরা যেন সাহসের সঙ্গে খেলতে পারি।
“আমি এমন একটি নরওয়ে দল দেখতে চাই, যারা নিজেদের শক্তির জায়গাগুলো কাজে লাগিয়ে খেলবে এবং নিজেদের স্বাভাবিক খেলাটাই উপহার দেবে।”
ব্রাজিলের মতো দলকে হারানোয় এখন আত্মবিশ্বাসে টগবগ করছে নরওয়ে। সুরবাকেনের কথাও ফুটে উঠল সেটা।
“অবশ্যই, ইংল্যান্ডের মতো দলের মুখোমুখি হওয়াটা… তাদের উইংয়ে দারুণ ফুটবলাররা আছে। বেলিংহ্যাম ও কেইন অনেক পজিশন থেকে গোল করতে পারে। মাঝ মাঠেও তাদের চমৎকার একটি জুটি আছে। আমাদের সেখানে লড়াই করতে হবে এবং রক্ষণেও খুব ভালো খেলতে হবে।
“খেলোয়াড়রা মনেপ্রাণে বিশ্বাস করে যে তারা ইংল্যান্ডকে হারাতে পারে। তবে অবশ্যই, আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। তা না হলে ইংল্যান্ড সেমি-ফাইনালে চলে যাবে।”