১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে কুরিয়ার অফিসে ৭১ হাজার সিগারেট জব্দ, নকল বলছে পুলিশ

ছয়টি বস্তায় রাখা দেশি-বিদেশি ডার্বি, স্টার, মন্ড, ফাইভ, এস ব্র্যান্ডের এসব সিগারেট জব্দ করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 04:40 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

গোপালগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৭১ হাজার নকল সিগারেট জব্দের দাবি করেছে পুলিশ।

শনিবার দুপুরে শহরের বিসিক ব্রিজ এলাকার এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয় বলে জানান গোপালগঞ্জ সদর থানার এসআই আলমগীর হোসেন।

পুলিশ কার্যালয়টিতে তল্লাশি চালিয়ে ছয়টি বস্তায় রাখা দেশি-বিদেশি ডার্বি, স্টার, মন্ড, ফাইভ ও এস ব্র্যান্ডের এসব সিগারেট জব্দ করে। 

পুলিশের ভাষ্য, এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

এসআই আলমগীর বলেন, চালান নিতে আসা কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ মঞ্জু বলেন, সাতক্ষীরা, বাগেরহাট, ঢাকা ও আরও কয়েকটি স্থান থেকে ছয়টি বস্তায় করে সিগারেটগুলো গোপালগঞ্জে পাঠানো হয়। এর মধ্যে দুটি বস্তার প্রাপক একজন এবং বাকি চারটি বস্তার প্রাপক চারজন।

তিনি বলেন, পণ্যগুলো ‘মনোহারী’ হিসেবে বুকিং দেওয়া হয়েছিল। এ কারণে বুকিংয়ের সময় বস্তার ভেতরে কী ছিল, তা পরীক্ষা করে দেখা হয়নি। 

পরে পুলিশ এসে সেগুলো নিয়ে যায়। এর বেশি কিছু তিনি জানেন না।