নেইমারদের বার্তা পেয়ে খুব খুশি পেলে
নিয়মিত চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ফুটবল কিংবদন্তি।
কিংবদন্তি পেলের হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে সম্প্রতি ফুটবল বিশ্বে উৎকণ্ঠা তৈরি হয়েছিল। দুই দিন পর তিনি নিজেই জানালেন, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে হাসপাতালে এসেছেন তিনি।
একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলের সুস্বাস্থ্য কামনা করে গত বৃহস্পতিবার দলের পক্ষ থেকে একটি বিবৃতি পড়ে শোনান ব্রাজিল দলের কোচ তিতে। বিশ্বকাপ অভিযানে থাকা দলের থেকে এমন বার্তা পেয়ে খুব খুশি পেলে।
নিজের ইনস্টাগ্রামে বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পেলে। ছবিতে দেখা যাচ্ছে, কাতারে একটি বিল্ডিংয়ে পেলের আলোকিত ছবির সঙ্গে ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন’ বার্তা লেখা।
শুভকামনা জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৮২ বছর বয়সী পেলে।
“বন্ধুরা আমি হাসপাতালে প্রতি মাসের মতো নিয়মিত চিকিৎসা নিতে এসেছি। এরকম ইতিবাচক বার্তা পেতে সবসময় ভালো লাগে। এমন সম্মান দেখানোর জন্য কাতারকে ধন্যবাদ, আর তাদেরকেও যারা আমাকে শুভকামনা জানিয়েছে।”
গত বুধবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা পেলেকে। ইএসপিএন ব্রাজিল তাদের প্রতিবেদনে তখন জানিয়েছিল, পেলে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।
পরে তার মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানান, হঠাৎ সিদ্ধান্তে বা গুরুতর কোনো কারণে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত বছরের সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে তার।
তার চিকিৎসকদের উদ্বেগ, কেমোথেরাপিতে প্রত্যাশিত ফলাফল মিলছে না।
