মেসিকে ‘নিষ্ক্রিয়’ করে রাখতে চেষ্টা করবে যুক্তরাষ্ট্র
দারুণ ফর্মে থাকা লিওনেল মেসিকে সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্র নিষ্ক্রিয় করে রাখতে চেষ্টা করবে বলে মনে করেন আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনো।
হিউস্টনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের প্রথম সেমি-ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ৭টায়।
এনআরজি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মার্তিনো বলেন, “কিছু দল তাকে ব্যক্তিগতভাবে পাহারা দেয়; অন্যরা শারীরিক শক্তি প্রয়োগ করে এবং তাকে তাকে ঘিরে রাখে।”
বিশ্বের সেরা খেলোয়াড়কে যুক্তরাষ্ট্র কোচ নিষ্ক্রিয় করে রাখার পরিকল্পনা করবেন- এটাই যৌক্তিক বলে মনে করেন মার্তিনো। এটা কাজে আসবে কিনা সেটা অন্য বিষয়।
“মেসি (প্রতিপক্ষের রক্ষণের কাছ থেকে) যে মনোযোগ পায় তা মোকাবেলা করার উপায় আছে আমাদের।”
ভেনেজুয়েলার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ডান পাশে বেশি সময় খেলেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও মেসিকে একই অবস্থানে খেলানোর পরিকল্পনা করছেন মার্তিনো।
“ভেনেজুয়েলার বিপক্ষে লিওকে ডান পাশে খেলানোই বেশি সুবিধাজনক হবে বলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। ভেনেজুয়েলা মাঝমাঠে ভালো খেলছিল। আমরা লিওকে সরিয়ে নেই এবং ডান পাশে সে বেশি বল পেয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও এই ঘটনা ঘটতে পারে, অথবা নাও ঘটতে পারে, আমরা ম্যাচে কী করি তার উপর নির্ভর করে এটা।”
