২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে কঠিন লড়াইয়ের সম্ভাবনা দেখছেন মেসি

গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের মতো কোয়ার্টার-ফাইনালেও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। তবে শেষ চারে যুক্তরাষ্ট্র খুব কঠিন লড়াই করবে বলে মনে করেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 08:20 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ভেনেজুয়েলাকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৬০তম মিনিটে দলের তৃতীয় গোলটি করে দেশের হয়ে সর্বোচ্চ গোলের এতদিনের রেকর্ডধারী গাব্রিয়েল বাতিস্তুতাকে স্পর্শ করেন মেসি।

রেকর্ড ছুঁয়ে আর দুর্দান্ত জয়ে খুশি হলেও মেসি এখন শেষ চারের লড়াই নিয়ে ভাবছেন।

“শীর্ষ গোলদাতা হওয়াটা গুরুত্বপূর্ণ কারণ এটা বাতি (আগের রেকর্ড একার ছিল বাতিস্তুতার)। কিন্তু আমাকে আরও বেশি আনন্দিত করছে দলের ফল কারণ আমরা সেমিতে উঠেছি।”

হিউস্টনে বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথম সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ২৩ বছর পর বড় কোনো শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলা আর্জেন্টিনা।

নিজেদের দারুণ পারফরম্যান্সে আত্মবিশ্বাসের কমতি নেই মেসির। তবে ফাইনালে ওঠার লড়াইটা সহজ হবে না বলেই বিশ্বাস তার। কোপা আমেরিকার স্বাগতিকরা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে মনে করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।  

“যুক্তরাষ্ট্র আক্রমণের চেষ্টা করবে, তারা খুব কঠিন দল। এখন পর্যন্ত আমরা যা করে এসেছি আমাদের সেটাই করতে হবে। আমরা উন্নতি করছি এবং এভাবেই আমরা এগিয়ে যাব।”