যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনা কোচ
২৩ বছরের শিরোপা-খরা কাটাতে আসা আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকায় দারুণ ছন্দে থাকলেও কোচ জেরার্দো মার্তিনো সেমি-ফাইনালের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের প্রথম সেমি-ফাইনালটি হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়।
গতবারের চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে অভিযান শুরু করা আর্জেন্টিনা এ পর্যন্ত খেলা ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ গোল করে। বিপরীতে কেবল দুটি গোল খেয়েছে তারা।
আগের ম্যাচে মেসি-হিগুয়াইনের নৈপুণ্যে ভেনেজুয়ালাকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনা এবার লড়ছে পঞ্চদশ শিরোপার জন্য।
যুক্তরাষ্ট্র এবারের কোপা আমেরিকার অভিযান শুরু করেছিল কলম্বিয়ার কাছে ২-০ গোলের হার দিয়ে। এর পর টানা তিনটি ম্যাচ জেতে তারা। স্বাগতিকদের বিপক্ষে তাই আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় পড়তে হবে বলে মনে করেন মার্তিনো।
“একুয়েডরের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের খেলো দেখে আমি বেশি উদ্বিগ্ন।”
একুয়েডরকে ২-১ গোলে হারিয়ে এই প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো সেমি-ফাইনালে ওঠে যুক্তরাষ্ট্র।
১৯৯৩ সালে কোপা আমেরিকা জয়ের পর আর কোনো শিরোপা না জেতা আর্জেন্টিনা দলের সেরা তারকা মেসিও এর আগে বলেছিলেন, সেমি-ফাইনালে স্বাগতিকরা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে মনে করেন তিনি।
তবে ম্যাচটি হিউস্টনে হচ্ছে বলে কিছুটা স্বস্তি পাচ্ছেন মার্তিনো।
“আমরা আশা করছি, হিউস্টনে ম্যাচ হওয়ায় মেক্সিকোর সমর্থকরা আমাদের জন্য ঘরের আবহ নিয়ে আসবে।”
