আর্জেন্টিনার বাধা ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর যুক্তরাষ্ট্র
মেসি-হিগুয়াইন-আগুয়েরোদের ক্ষমতা আছে যে কোনো প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার, তাদের মাঝমাঠও বেশ গোছানো। রক্ষণ নিয়ে শুরুতে কিছুটা দুর্ভাবনা থাকলেও তা কেটে গেছে। সব মিলিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের শিরোপার লক্ষ্যে দারুণ ছন্দে ছুটে চলেছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার বাধা যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই বড় কোনো নাম নয়; কিন্তু ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর দলটিকে মোটেও হালকা করে দেখতে রাজি নয় গতবারের রানার্সআপরা।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। ঘরের মাঠে প্রিয় সমর্থকদের সামনে প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র।
দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ও ব্রাজিল বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনাকে হারিয়ে সে স্বপ্নের পথে পাড়ি দিতে যুক্তরাষ্ট্রকে একরকম অসাধ্যই সাধন করতে হবে। কারণটা অবশ্যই জেরার্দো মার্তিনোর দলের দুর্দান্ত ফর্ম; গ্রুপপর্ব ও সেরা আট মিলিয়ে এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। চিলির বিপক্ষে প্রথম ম্যাচটি বাদ দিলে বাকি তিনটিতেই প্রতিপক্ষকে উড়িয়ে দেয় তারা।
প্রতিপক্ষ এমন ফুটবল পরাশক্তি হওয়ার পরও অবশ্য এতটুকু ভীত নয় স্বাগতিকরা। তাদের উদ্যমে কোনো ভাটা পড়েনি বলে জানিয়েছেন দলটির অধিনায়ক মাইকেল ব্র্যাডলি।
“আমাদের মানসিকতায় কোনো পরিবর্তন নেই। এটা সেমি-ফাইনাল। দেশের মাঠে বড় কোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠার সুযোগ।”
গ্রুপে তিন ম্যাচের দুটিতে জিতে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠা যুক্তরাষ্ট্রকে নিয়ে সতর্ক মেসিও। ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্র তাদের কঠিন পরীক্ষায় ফেলবে বলেও মনে করেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড।
“যুক্তরাষ্ট্র আক্রমণের চেষ্টা করবে, তারা খুব কঠিন দল। এখন পর্যন্ত আমরা যা করে এসেছি আমাদের সেটাই করতে হবে। আমরা উন্নতি করছি এবং এভাবেই আমরা এগিয়ে যাব।”
