জাবির অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ক্ষতিপূরণ চায় গর্ভের সন্তান হারানো পরিবার
স্ত্রীর বিষয়ে দুর্ঘটনায় গুরুতর আহত সবুজ বলেন, “তার গর্ভের সন্তান মারা তো গেছেই, তার মাথায় গভীর ক্ষত হয়েছে, পা ভেঙ্গে গেছে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে মদ নিয়ে যাওয়া হচ্ছিল ক্যাম্পাসে। পথে সেই অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেছে এক ইজিবাইক চালকের; গর্ভের সন্তান হারিয়েছেন গুরুতর আহত এক নারী, আহত হয়েছেন তার স্বামী ও দুই সন্তান।
দুর্ঘটনায় চরম ক্ষতিগ্রস্ত এই পরিবার দাবি জানিয়েছেন ন্যায়বিচার ও ক্ষতিপূরণের।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আহত সেই অন্তঃস্বত্ত্বা নারীর ছোট ভাই ফরহাদ হোসেন এ দাবি জানান।
একই সঙ্গে তিনি এ ঘটনায় মামলা গ্রহণে ‘গড়িমসি’ ও ‘তথ্য গোপনের’ অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে।
ঘটনাটি গত ২৬ জানুয়ারি রাতের। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় অ্যাম্বুলেন্সটি ইজিবাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় একটি মামলার তদন্ত চলমান আছে।
এই ঘটনায় মঙ্গলবার রাত ঢাকার তিতুমীর সরকারি কলেজে মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, “ওই রিকশায় আমার পরিবারের চার জন যাত্রী ছিলেন। তারা হলেন- আমার বড় বোন কাকলি আক্তার (২৬), তার স্বামী সবুজ আহমেদ (৩০), তাদের ২৬ মাসের শিশু সন্তান শোয়াইব এবং কাকলির ভাতিজি ১৪ বছরের জান্নাত।”
তাদের মধ্যে কাকলি চার মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। তারা সবাই সাভারের কলমার দোসাইদ এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানান ফরহাদ।
ফরহাদ হোসেনের ভাষ্য অনুযায়ী, সেদিন সন্ধ্যায় সাভারের একটি বেসরকারি ক্লিনিকে গর্ভকালীন নিয়মিত চেক আপ শেষ করে কাকলি ও পরিবারের সদস্যরা ব্যাটারিচালিত ইজিবাইকে বাসায় ফিরছিলেন।
সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনের ইউটার্নে মোড় নিয়ে কলমার সড়কে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সটি ওই ইজিবাইকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকে থাকা সবাই ছিটকে পড়ে যান। পরে সেখানেই চালক আব্দুল কুদ্দুস (৩০) মারা যান।
“ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত চার জনকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জান্নাত ও শোয়াইবকে দু’দিন পরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
“পরে ২৮ জানুয়ারি কাকলি আক্তার ও সবুজ আহমেদকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরদিন বড় বোন কাকলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং দুলাভাই সবুজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে নেওয়া হয়।”
৩০ জানুয়ারি ঢাকা মেডিকেলে জরুরি অপারেশনের মাধ্যমে কাকলির গর্ভ থেকে মৃত সন্তান বের করা হয় বলে জানান ফরহাদ।
ফরহাদ দাবি করেন, এ ঘটনায় তাদের পরিবারের চিকিৎসা বাবদ এরমধ্যেই প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। যা তাদের অর্থনৈতিক অবস্থাকে শোচনীয় করে তুলেছে।
এদিকে আহত সবুজ আহমেদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, “দুর্ঘটনার পর একদিনেরও বেশি আমার জ্ঞান ছিল না। আমার দুই পায়ে রিং পরানো হয়েছে। দুই মাস এ অবস্থায় থাকার পর আমার অপারেশন করা হবে বলে ডাক্তার জানিয়েছেন।”
স্ত্রী কাকলি আক্তারের বিষয়ে তিনি বলেন, “তার গর্ভের সন্তান মারা তো গেছেই, তার মাথায় গভীর ক্ষত হয়েছে, পা ভেঙ্গে গেছে।”
এদিকে পুলিশের বিরুদ্ধে ‘তথ্য গোপন’ ও ‘অসহযোগিতার’ অভিযোগ করে ফরহাদ হোসেন বলেন, “মেডিকেল কলেজের চিকিৎসা শেষ করে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার মডেল থানায় যোগাযোগ করি।
“আমরা মামলার করার কথা বললে পুলিশ জানায়, তারা বাদী হয়ে ইতিমধ্যে একটি মামলা করেছে। পরে মামলার বাদী সাভার হাইওয়ে থানা পুলিশের এসআই রাসেল মাহমুদের সঙ্গে আমি যোগাযোগ করি। তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই বাবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলেন।”
এরপর ফরহাদ মামলা করার কথা জানালে বাবুল তাকে মামলা না করার পরামর্শ দেন।
এরপর সোমবার রাত ৯টার দিকে বাবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন ফরহাদ। এ সময় এসআই বাবুল দুর্ঘটনার সঙ্গে জড়িত অ্যাম্বুলেন্সের কোনো সন্ধান পাননি বলে ফরহাদকে জানান।
ফরহাদ হোসেন অভিযোগ করে সাংবাদিকদের বলেন, “পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করেও আমরা কোনও তথ্য পাইনি।
“সিসিটিভি ফুটেজ যাচাই করার কথা জানালে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ঘটনাস্থলের দেড় কিলোমিটারের মধ্যে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আমরা পরে সংবাদপত্রের মাধ্যমে অ্যাম্বুলেন্সের বিষয়টি জানতে পারি।”
তিনি এই দুর্ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারের চিকিৎসার ব্যয়বহন ও ক্ষতিপূরণের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, “একই ঘটনায় দুটি মামলা হয় না। তারা চাইলে আমাদের কাছে অভিযোগ করতে পারে, আমরা সেটি মামলার সাথে এটাচ করে দিব। এর বাইরে তারা চাইলে কোর্টে গিয়ে আলাদা করে মামলা করতে পারে।”
তদন্তকারী কর্মকর্তা বাবুল হোসেনের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের চাপ দিচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, “কেউ আমাদের কোনও চাপ প্রয়োগ করছে না। আমরা আমাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।”
আরও পড়ুন:
