২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির মদবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলার তদন্ত চলমান আছে।

জাবির মদবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে রাখা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2023, 09:14 PM

Updated : 06 Feb 2023, 09:14 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে মদ নিয়ে যাওয়া হচ্ছিল ক্যাম্পাসে। পথে সেই অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গিয়েছে এক ইজিবাইক চালকের; হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক সন্তানসম্ভবা নারী।  

ঘটনাটি গত ২৬ জানুয়ারি রাতের। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় একটি মামলার তদন্ত চলমান আছে।

নিহত ইজিবাইক চালকের নাম আব্দুল কুদ্দুস। তিনি পটুয়াখালীর কাউখালী উপজেলার কোনাহোড়া এলাকার আব্দুল মজিদ শিকদারের ছেলে। সাভারের কলমা এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন তিনি। 

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে সমাপনী উৎসবের (র‌্যাগ) মদ আনতে গিয়ে ঢাকার বংশালে আটক হন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী, চালকসহ চারজন। রোববার চালকসহ অ্যাম্বুলেন্সটি পুলিশ ছেড়ে দিলেও বাকি তিনজনকে আটকে রাখার কথা জানিয়েছিল।

গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর সমালোচনা শুরু হয়। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের মদবাহী অ্যাম্বুলেন্সের দুর্ঘটনার কবলে পড়ার তথ্য সামনে এল।   

বিষয়টি এতদিন চাপা থাকলে সোমবার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শামসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অ্যাম্বুলেন্স চালানোর সময় চালক রিপন হাওলাদার জানতে পারেন, গাড়িতে মদ আছে। এতে তিনি ঘাবড়ে যান। রিপন বলেছেন, এ কারণেই সেদিন দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে মামলাটি তদন্ত চলমান থাকায় রিপনকে ছুটিতে রাখা হয়েছে।”

“ঘটনার পরই মদ আনতে যাওয়া দুই ছাত্র পালিয়ে যায়। ওই দিন রাতেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আইন সঙ্গত উপায়ে, অ্যাম্বুলেন্স কিভাবে বিশ্ববিদ্যালয় ব্যবহার করতে পারবে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। এজন্য গাড়িটি পুলিশ জব্দ করেনি। কারণ আমাদের অ্যাম্বুলেন্স সংকট রয়েছে।”

শামসুর রহমান আরও বলেন, “দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সটিতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী রিফাত চৌধুরী পিয়াস এবং একই বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী আহসান হাবিব ইমন।”

সাভার হাইওয়ে থানার এসআই এবং মামলার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তার বলেন, “সাভার থানার মামলা নম্বর ৭৭। আমরা অজ্ঞাতনামা সেই গাড়িটি শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়েছি। সে অনুসারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।”

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, “সাভার মডেল থানায় মামলাটির বাদী সাভার হাইওয়ে থানা। ঘটনাটি ২৬ জানুয়ারি রাতের। সেদিন ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় একটি অ্যাম্বুলেন্স ইজিবাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে চালক কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনে পুলিশ। পাশাপাশি এ দুর্ঘটনায় আহত একজন গর্ভবতী নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”

“ঘটনার আসামি হচ্ছে একজন অজ্ঞাতনামা গাড়ির চালক। আমরা সেটি শনাক্ত করেছি। কিন্তু তদন্তের স্বার্থে আমরা সেটি প্রকাশ করব না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাহায্য নিচ্ছি। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।”

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে রাখা হয়েছে। যার লাইসেন্স নম্বর ঢাকা মেট্রো ছ ৭১-৪৫৪৫।

অ্যাম্বুলেন্সের যাত্রী রিফাত চৌধুরী পিয়াস ও আহসান হাবিব ইমন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে আছেন এবং উভয়ই মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী বলে জানিয়েছেন জাবি ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগ সবসময় মাদকের বিরুদ্ধে। কেউ যদি অ্যাম্বুলেন্সে করে মদ নিয়ে আসার ঘটনায় জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

জাবি ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র রিফাত চৌধুরী পিয়াস বলেন, “সেদিন দুর্ঘটনার সময় আমিও গুরুতর আহত হই। আমার সঙ্গে ৪৬ ব্যাচের ইমন ছিলো।”

বিষয়টি সম্পর্কে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, “দুর্ঘটনার খবরটি পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছে। সিসিটিভি ফুটেজে আমাদের অ্যাম্বুলেন্স নাকি চিহ্নিত হয়েছে। এখন আইন অনুসারে যা হওয়া দরকার সেটা হবে।”

যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ছিল।

পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য অ্যাম্বুলেন্স করে মদ আনা হচ্ছিল কি-না জানতে চাইলে প্রক্টর বলেন, “এসব বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি।”

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মোবাইলে কয়েকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।