২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সমাবেশে রিকশায় চড়ে আসলেন বাণিজ্যমন্ত্রী

রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 02:29 PM

Updated : 02 Aug 2023, 02:29 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে নিজ আসনের নেতা-কর্মীদের নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

বুধবার দুপুরে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রিকশায় চড়ে আসেন টিপু মুনশি। হলুদ টি-শার্ট আর ক্যাপে সজ্জিত নেতা-কর্মীর উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এই সংসদ সদস্য।

রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের এই মহাসমাবেশ বিকালে হলেও সকাল থেকেই পূর্ণ হতে শুরু করেছে সমাবেশস্থল। ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগানে মুখর নগরীতে গণমানুষের ঢল নেমেছে।

আয়োজক কমিটি জানায়, বিকাল ৩টায় সমাবেশস্থলে আসবেন প্রধানমন্ত্রী। দীর্ঘ এক যুগ পর রংপুরবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন সরকার প্রধান।

এ সময় তিনি রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করবেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন।

মহাসমাবেশ সফল করতে বিভাগের ৮ জেলা থেকে নেতা-কর্মীরা ভোর থেকেই মিছিল নিয়ে নগরীতে প্রবেশ করতে থাকেন। সকাল ১০টা থেকে দলে দলে সমাবেশস্থলে প্রবেশ করেন নেতা-কর্মীরা।

বাস, ট্রেন, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, ইজিবাইক ও অটোরিকশা করে আসছেন তারা। অনেককে হেঁটেও আসতে দেখা গেছে। সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা আয়োজকদের।

আরও পড়ুন

পুরনো খবর:

স্লোগানে-মিছিলে মুখরিত রংপুর নগরী
আওয়ামী লীগ টিকে থাকতে অস্ত্রের ওপর নির্ভরশীল নয়: ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুরে উৎসবের আমেজ
প্রধানমন্ত্রীর সমাবেশ: রংপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সফর: সেজেছে রংপুর, রাঙ্গাঁকে নিয়ে গুঞ্জন