স্লোগানে-মিছিলে মুখরিত রংপুর নগরী
বাস, ট্রেন, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, সিএনজি বা ব্যাটারিচালিত অটোরিকশা করে আসছেন নেতা-কর্মীরা। পায়ে হেঁটেও আসছেন অনেকে।
রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ শুরুর আগেই খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী।
রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের এই বিভাগীয় মহাসমাবেশ বুধবার বিকালে হলেও সকাল থেকেই পূর্ণ হতে শুরু করেছে সমাবেশস্থল। ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগানে মুখর রংপুরের অলিগলিতে গণমানুষের ঢল নেমেছে।
মঙ্গলবার মধ্যরাত স্লোগান দিতে দিতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতা-কর্মীরা আসছেন রংপুর মহানগরীতে। বাহারি সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগানে নেচে গেয়ে উচ্ছ্বাস করছেন তারা।
লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা আসছেন দলে দলে।
বাস, ট্রেন, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, সিএনজি বা ব্যাটারিচালিত অটোরিকশা করে আসছেন তারা। পায়ে হেঁটেও আসছেন অনেকে।
কুড়িগ্রাম থেকে আসা আসাদুজ্জামান নামে বলেন, “আমি রাতে এসেছি। এখানে রাত কাটিয়েছি। আমি শেখ হাসিনাকে ভালোবাসি তাই মিটিংয়ে তার কথা শোনার জন্য এসেছি।
বুধবার সকাল ৮টা থেকেই গণমানুষের মিছিল এগুতো থাকে জনসভাস্থলসহ জিলা স্কুলের দিকে। দূরদূরান্ত থেকে রঙিন টিশার্ট ও ক্যাপ পরিহিত নেতা-কর্মীরা ঢাক ঢোল পিটিয়ে আসতে শুরু করেছেন সভাস্থলে।
দুপুর ১২টার আগেই রংপুর বিভাগের ৮ জেলার ৫৮ উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের আগমনে জনসভাস্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে বলে দাবি আয়োজকদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকে ঘিরে রংপুর নগরীতে এখন সাজ সাজ রব; ব্যানার-পোস্টার-ফেস্টুনে ছেলে গেছে গোটা শহর। নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সমাবেশস্থলে তৈরি করা হয়েছে নৌকার আদলে মঞ্চ, যেখানে দাঁড়িয়ে রংপুরের মানুষের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা।
সফরসূচি অনুযায়ী, বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রংপুরে আসবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুর ক্যান্টনমেন্টের হেলিপ্যাডে অবতরণ করবে।
পরে দুপুর ২টা ৫ মিনিটে সেখান থেকে সড়কপথে রংপুর সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেবেন তিনি।
সোয়া ২টার দিকে সার্কিট হাউসে পৌঁছে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
এরপর বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে উদ্দেশে রওনা দিয়ে ৩টা ৫ মিনিটে মহাসমাবেশস্থলে পৌঁছবেন তিনি। প্রথমে সেখানে রংপুর বিভাগের উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।
সফরে রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ঘোষণা দেবেন শেখ হাসিনা। সঙ্গে নতুন প্রতিশ্রুতির ঘোষণাও আসতে পারে।
মহাসমাবেশে বক্তব্য দেওয়ার পর বিকালে আবার একই পথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
এর আগে সবশেষ ২০১৮ সালের ২৩ ডিসেম্বর রংপুরে এসেছিলেন শেখ হাসিনা। সেসময় তিনি পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন।
ফলে সাড়ে চার বছর পর আবার তার সফর নিয়ে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস বেশি।
রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রেজউল করিম রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসমাবেশে ১১ লাখের বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। রংপুর বিভাগের ৫৮টি উপজেলার প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে ৩-৪ হাজার মানুষ আসবে। জনসভা সফল করতে আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিত সভাও হয়েছে। দলের শীর্ষ নেতারা ছাড়াও এমপি ও মন্ত্রীরা সবাই রংপুরের এই সমাবেশ সফল করতে বিভিন্নভাবে দিকনির্দেশনা দিচ্ছেন।”
আরও পড়ুন
