আওয়ামী লীগ টিকে থাকতে অস্ত্রের ওপর নির্ভরশীল নয়: ওবায়দুল কাদের
“আমরা অস্ত্রের ওপর নির্ভরশীল নই, আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাস করি না।
আওয়ামী লীগ অস্ত্রবাজি করে ক্ষমতায় আসেনি তাই টিকে থাকতে তাদের অস্ত্রের ওপর নির্ভর করতে হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “আমরা অস্ত্রের ওপর নির্ভরশীল নই, আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাস করি না। আমাদের শক্তি এ দেশের জনগণ।”
মঙ্গলবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠের সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। এখন যত বিষোদগার ও প্রোপাগান্ডাই চালানো হোক না কেন, সুষ্ঠু নির্বাচন হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে। মানুষ উন্নয়ন দেখছে, তারা উন্নয়নের পক্ষে ভোট দেবে।”
এসময় অত্যাচারী, অর্থ পাচারকারী, সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদের মতো অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে আহ্বান জানান তিনি।
এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দলের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
