ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রী, হাসপাতালে ভর্তি
“ডাক্তাররা টেস্ট দিয়েছেন, সেগুলোর রিপোর্ট আসার পর সিদ্ধান্ত নিবেন, এখানে চিকিৎসা চলবে নাকি ঢাকায় নেওয়া হবে।”
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক জাহিদুল ইসলাম।
তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় গিয়ে অসুস্থ বোধ করেন মন্ত্রী। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মন্ত্রীর অবস্থা কিছুটা ভালো।
“ডাক্তাররা টেস্ট দিয়েছেন, সেগুলোর রিপোর্ট আসার পর সিদ্ধান্ত নিবেন, এখানে চিকিৎসা চলবে নাকি ঢাকায় নেওয়া হবে,” বলেন জাহিদুল ইসলাম।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া সাংবাদিকদের বলেন, “স্থলবন্দর পরিদর্শনে এসে মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে সিলেটে নেওয়া হয়।”
খবর পেয়ে আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
