০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বরগুনায় ক্লাস চলাকালে ‘হিস্টিরিয়ায়’ ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ৯

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য বলেন, তারা মূলত গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 06:27 PM

Updated : 06 Oct 2026, 06:27 PM

বরগুনার লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে ২০ শিক্ষার্থী হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৯ জনকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন বলেন, দুপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রী হঠাৎ তীব্র শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। আধা ঘণ্টার মধ্যে বিভিন্ন শ্রেণির আরও ১৯ শিক্ষার্থীর একই উপসর্গ দেখা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্বজনরা ১১ জনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যান এবং বাকি ৯ জনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য বলেন, “শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে আসা ৯ শিক্ষার্থীকেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা মূলত গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছিল। বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত।”