মাদ্রাসায় আগুন: নেভাতে গিয়েই কি এত শিক্ষার্থী অসুস্থ হলেন?
চিকিৎসকরা বলেছেন, তাদের কারও শরীরের কোথাও দগ্ধ হয়নি। তবে অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’।
নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার যে পাঁচতলা ভবনে আগুন লেগেছে, তার লাগোয়া আরও দুটি ছয় ও সাততলার ভবন; একটি থেকে আরেকটিতে যাওয়ার জন্য প্রতি তলাতেই রয়েছে সংযোগ সিঁড়ি।
তবে চৌদ্দশর বেশি শিক্ষার্থীর আবাস এই কওমি মাদ্রাসাটিতে ছিল না নিজস্ব কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এমনকি প্রাথমিকভাবে আগুন নেভানোর জন্য একটি ‘ফায়ার এক্সটিংগুইশারও’ ছিল না।
মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় সোমবার গভীর রাতে যখন আগুন লাগে, তখন বেশিরভাগ শিক্ষার্থীই গভীর ঘুমে। মুহূর্তের মধ্যে আগুনের ধোঁয়া ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। টের পেয়ে আতঙ্ক নিয়ে ছোটাছুটির মধ্যেই আগুন নেভাতে হাত লাগান শিক্ষার্থীরা।
কেউ বালতিতে করে পানি টেনে ছিটানোর চেষ্টা করেন, কেউবা মোটরের পাইপ দিয়ে পানি দেওয়ার চেষ্টা করতে থাকেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভানোর কাজে যোগ দেন, তখনও তাদের সহায়তা করছিলেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় আহত ও অসুস্থ ৮৮ জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়, যাদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সন্ধ্যার মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পান আরও ৩৭ জন। বাকি ৩৫ জন বর্তমানে চিকিৎসাধীন।
চিকিৎসকরা বলেছেন, তাদের কারও শরীরের কোথাও দগ্ধ হয়নি। তবে অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’।
খোদ ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, তীব্র ধোঁয়ায় ভবনে আটকে পড়ে কেউ অসুস্থ হননি। প্রথমে পানি টেনে আগুন নেভাতে চেষ্টা করতে গিয়ে এবং পরে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে গিয়ে তারা ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার স্টেশনের এক কর্মকর্তা বলেন, “তারা দীর্ঘ সময় ধরে কাজ করেছে, ক্লান্ত হয়ে গেছে। চোখেমুখে ধোঁয়া গেছে, এ কারণে অসুস্থ হয়ে গেছে।”
তীব্র ধোঁয়ার মধ্যে শিক্ষার্থীদের কাজ করতে ফায়ার সার্ভিসের তরফ থেকে বারণ করা হয়েছিল কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, “ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তারা কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস গেলে তারা তেমন কাজ করেনি, তবে অনেকেই সহায়তা করেছে।”
মাদ্রাসার মিশকাত জামাত ক্লাসের শিক্ষার্থী ইমরান বলেন, ফায়ার সার্ভিস আসার আগে আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে চেষ্টা চালান।
“আগুনে কেউ সরাসরি দগ্ধ হয়নি। তবে আগুন নেভানোর সময় ধোঁয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ে। রাতে অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে ভবন থেকে বের হলেও পরে শ্বাসনালিতে ধোঁয়া প্রবেশের কারণে অসুস্থতা অনুভব করে। সকালে সতর্কতামূলকভাবে তাদের হাসপাতালে নেওয়া হয়।”
তবে আগুন নেভাতে গিয়ে শিক্ষার্থীদের ধোঁয়ায় অসুস্থ হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সেখানকার শিক্ষক সাফাআত আহমদ।
মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটে তিনি বলেন, “ওই ভবনে প্রায় ২০০ শিক্ষার্থী ছিল, যাদের মধ্য থেকেই ধোঁয়ায় অসুস্থ হয়েছে। ওই ভবনের কোনো শিক্ষার্থী আগুন নেভানোর কাজ করেনি, বড় শিক্ষার্থীরাই আগুন নেভানোর চেষ্টা করেছে।”
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বয়স ১৩ থেকে ২৫ বছরের মধ্যে।
সাফাআত আহমদ বলেন, “অসুস্থ সবাই পাঁচ তলা ভবনেই ছিল, সবাই কিতাব বিভাগের শিক্ষার্থী। যখন আগুন লাগে তখন সবাই ঘুমে ছিল। আল্লাহর রহমতে আমাদের এক শিক্ষকের মাধ্যমে ধোঁয়াটা দেখতে পাওয়ায় সবাই পর্যায়ক্রমে টের পায়, সবাইরে বের করে নিয়ে আসতে পেরেছি। কিন্তু ধোঁয়ার কারণে বের হতে হতেই তাদের অনেকে অসুস্থ হয়ে যায়।”
ভবনের ছাদে তালা থাকায় কেউ ছাদে যেতে পারেনি, কিন্তু সিঁড়ি দিয়ে আগুন লাগা ভবনের সবাই পাশের ভবনে চলে যেতে পেরেছে বলে জানান তিনি।
যে ভবনটিতে আগুন লাগে, তার নিচতলায় মাদ্রাসার প্রশাসনিক ব্লক, দ্বিতীয় তলায় লাইব্রেরি, সেখানে আগুনের সূত্রপাত হয়। সেই তলারই একটি অংশে ইসলামী আইন বিভাগের ১২ জন ছাত্র এবং শিক্ষক থাকতেন।
তৃতীয় তলায় নাহবেমীর, চতুর্থ তলায় তাইসীর, পঞ্চম তলায় শরহে বেকায়া শ্রেণির ছাত্র ও শিক্ষকরা থাকেন। সেসব তলায় শিক্ষা কার্যক্রমও চলে।
বার্ন ইনস্টিটিউটে যে চারজন আইসিইউতে রয়েছেন, তাদের একজন ইউসুফ খন্দকার (২০)। তার বড় ভাই বায়েজীদ বোস্তামী ঢাকা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।
তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়িতে। ইউসুফ তিন বছর ধরে এই মাদ্রাসায় পড়াশোনা করছেন বলে জানান আইসিইউর সামনে অপেক্ষমাণ তার ভাই বায়েজীদ।
তিনি বলেন, “আমি এই খবর পেয়েছি রাত ৪টার দিকে। প্রথমে তাকে রামপুরার ডেল্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে এখানে নিয়ে আসে।”
ভাই কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, “আমার সাথে তার কথা হয়েছে, বলেছে মোটামুটি ভালোই আছে। সে তৃতীয় তলায় থাকত, আগুন লাগার খবর পাওয়ার পরে কোনদিক দিয়ে নামবে সিদ্ধান্ত নিতে পারে নাই। সে নাকি ২-৩ বার উপরে নিচে ওঠানামা করছে। ছাদ বন্ধ থাকায় যেতে পারেনি, পরে সিঁড়ি দিয়ে পাশের ভবনে চলে যায়।”
লাইব্রেরিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার ধারণা করলেও অনেক শিক্ষার্থীরা মশার কয়েল থেকেও আগুন লাগার সম্ভাবনার কথা বলেছেন।
বায়েজীদ বলেন, “সেখানে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে শুনেছি। মশার কয়েল থেকেও আগুন লাগতে পারে।”
তবে শিক্ষক সাফাআত আহমদ বলেন, “ডেঙ্গুতে আক্রান্ত ছিল অনেকে। কিন্তু যেখানে আগুন লাগছে ওইখানে কয়েল জ্বালানো নিষেধ, লাইব্রেরিতে কয়েল ধরানোর অনুমতি নাই। যতটুকু মনে করতেছি বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুন লাগছে।”
মাদ্রাসাটিতে শিক্ষক ও কর্মীসহ ৭৪ জন কর্মরত রয়েছেন, যারা সব তলাতেই থাকেন।
মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব আজিজুর রহমান জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাত দেড়টার দিকে হেফজ বিভাগের দায়িত্বে থাকা এক শিক্ষক নামাজ পড়ার সময় প্রথম পোড়া গন্ধ পান। নামাজ শেষে গন্ধ আরও তীব্র হলে এবং ভেতর থেকে শব্দ শুনতে পেয়ে তিনি মক্তব বা লাইব্রেরির দরজা খুলে আগুন দেখতে পান।
তিনি বলেন, “আগুন দেখার পরপরই ওই শিক্ষক হেফজ বিভাগের শিক্ষার্থীদের ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং দারোয়ানকে খবর দেন। পরে মাইকে ঘোষণা ও ঘণ্টা বাজিয়ে অন্য শিক্ষার্থীদেরও সতর্ক করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোনের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, ভবনটির নিচে পানির হাউজ ছিল। অগ্নিনির্বাপণের তেমন কোনো ব্যবস্থা ছিল না।
এর আগে কখনো মাদ্রাসা কর্তৃপক্ষকে ফায়ার সার্ভিস থেকে সতর্ক করা হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরাতো সবজায়গায় যাই, মহড়া করি। তবে স্কুল-কলেজ বা শিল্প কারখানার মত মাদ্রাসায়তো সেইফটির বিষয়ে তেমন গুরুত্ব দেয় না।”
মাদ্রাসার নায়েমে মোহতামিম (ভাইস প্রিন্সিপাল) আতিকুর রহমান বলেন, আগে কখনো এমন ঘটনার মুখে তারা পড়েননি। এ কারণে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা নিয়ে তারা খুব একটা ভাবেননি।
এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগামীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন কমিটির সদস্যরা।
