২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কসহ দুইজন গ্রেপ্তার

মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নাটোরে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কসহ দুইজন গ্রেপ্তার

নাটোরে গ্রেপ্তার বিএনপি নেতাকর্মী জহির উদ্দিন (বায়ে) ও শহিদুল ইসলাম বাচ্চু (মাঝে)।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 09:46 PM

Updated : 04 Apr 2023, 09:46 PM

নাটোরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার গভীর রাতে টাঙ্গাইল থেকে র‍্যাব-৫ ও র‌্যাব-১৪ এর অভিযানে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

এ ছাড়া ওই রাতে নাটোর নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ।

ওসি বলেন, “হামলা ও গুলিবর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম বাচ্চুকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত করে রোববার দুপুরে সদর থানায় মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিউন হোসেন।

এরপর নাটোর শহরের ফৌজদারিপাড়ায় শহিদুল ইসলাম বাচ্চুর বাসা থেকে লাইসেন্স করা পিস্তল জব্দ করে পুলিশ। এ ছাড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুলকে বাড়ি গ্রেপ্তার করে পুলিশ।

নাটোর জেলা বিএনপির নেতা-কর্মীদের আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নাটোরের বিএনপি নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও আটকের উদ্দেশে নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি অভিযান এবং মিথ্যা মামলা ঘটনা এই স্বৈরাচারী সরকার কর্তৃক সংঘটিত দমন-পীড়ণেরই ধারাবাহিকতা। বিএনপি নেতাকর্মীদের উপর নানা জুলুম-নির্যাতন অব্যহত রেখেছে সরকার।“

ওই বিবৃতিতে নাটোরের নেতা-কর্মীদের গ্রেপ্তার প্রতিবাদ জানিয়ে আটকদের নিঃশর্ত মুক্তি, নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি অভিযান বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বিএনপি-জামায়াতের অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নাটোর পৌর আওয়ামী লীগের শনিবার দুপুর আড়াইটার দিকে শহরের কান্দিভিটুয়া দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপশহর মাঠে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে।

পরে সেখানেই সমাবেশ করার সময় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সমাবেশ লক্ষ্য করে গুলি ছুড়েন। এ ছাড়া বিএনপির অন্য নেতা-কর্মীরা লোহার রড, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীদের উপর হামলা চালায়।

হামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব ও শহর যুবলীগের সভাপতি সায়েম হোসেন উজ্জ্বল আহত হন। এ ছাড়া তাদের ছোড়া ইটের আঘাতে অনেক নেতা-কর্মী আহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

আরও পড়ুন

পুরনো খবর:

নাটোরে বিএনপির ২৬ নেতা-কর্মীর নামে মামলা, পিস্তল জব্দ
নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে, শহরে উত্তেজনা