২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপির ২৬ নেতা-কর্মীর নামে মামলা, পিস্তল জব্দ

পুলিশ জানায়, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নাটোরে বিএনপির ২৬ নেতা-কর্মীর নামে মামলা, পিস্তল জব্দ

দুদলের নেতারাই হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 10:43 PM

Updated : 02 Apr 2023, 10:43 PM

নাটোরে আওয়ামী লীগের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে বিএনপির ২৬ নেতা-কর্মীর নামে মামলা ও পিস্তল জব্দ করা হয়েছে।

রোববার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিউন হোসেন সদর থানায় মামলাটি দায়ের করেন বলে নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান।

মামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে প্রধান আসামি করা হয়েছে।

এতে বিএনপির ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানায়।

মামলার এজাহারে বলা হয়, বিএনপি-জামায়াতের অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নাটোর পৌর আওয়ামী লীগের শনিবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শহরের কান্দিভিটুয়া দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপশহর মাঠে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে।

এজাহারে আরও বলা হয়, পরে সেখানেই সমাবেশ করার সময় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সমাবেশ লক্ষ্য করে গুলি ছুড়েন। এ ছাড়া বিএনপির অন্য নেতা-কর্মীরা লোহার রড, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীদের উপর হামলা চালায়।

হামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব ও শহর যুবলীগের সভাপতি সায়েম হোসেন উজ্জ্বল আহত হন। এ ছাড়া তাদের ছোড়া ইটের আঘাতে অনেক নেতা-কর্মী আহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

ওসি নাছিম আহমেদ বলেন, নাটোর শহরের ফৌজদারিপাড়ায় শহিদুল ইসলাম বাচ্চুর বাসা থেকে লাইসেন্স করা পিস্তল জব্দ করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে, শহরে উত্তেজনা