১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ‘ধর্ষণের পর’ স্কুলছাত্রী হত্যা: কক্সবাজারে তরুণ আটক

বুধবার রাতে ওই কিশোরী কক্সবাজার থেকে কুমিল্লায় ফিরেছিলেন বলে আগেই জানিয়েছিল পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 12:48 AM

Updated : 12 Oct 2026, 12:48 AM

কুমিল্লার লালমাইয়ে ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় কক্সবাজারে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে কলাতলী সমুদ্র সৈকত সংলগ্ন চন্দ্রিমা আবাসিক এলাকার পাশে হোটেল লুলুয়া বে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

গ্রেপ্তার যুবকের নাম রিয়াজ উদ্দিন ওরফে রাজু চৌধুরী। তিনি ওই হোটেলে কাজ করেন।

বৃহস্পতিবার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি ফসলি জমি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির অনিয়মিত ছাত্রী ছিল। তার বাড়ি যশোরে। পরিবারের সঙ্গে নগরীর রেসকোর্স এলাকায় থাকত সে।

বুধবার রাতে ওই কিশোরী কক্সবাজার থেকে কুমিল্লায় ফিরেছিলেন বলে আগেই জানিয়েছিল পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, কুমিল্লার মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পর রাজুকে আটক করা হয়েছে। আপাতত সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কিনা, তা জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

“ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রায় তিন মাস ধরে যোগাযোগ ছিল বলে ওই তরুণ বলেছেন। কিশোরী কক্সবাজারে একদিন অবস্থান করেন। রাজু কিশোরীকে বাসে তুলে দিয়েছিলেন।”

যে হোটেল থেকে রাজু চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানকার ফ্রন্ট ডেস্কের এক কর্মকর্তা বলেন, রাজু বেশ কয়েক মাস ধরেই হোটেলটিতে কর্মরত আছেন। এক সপ্তাহ তিনি হোটেলেই ছিলেন এবং কোনো ছুটি নেননি।

আরও পড়ুন:

কুমিল্লায় ‘ধর্ষণের পর’ স্কুলছাত্রী হত্যায় সুমনের জবানবন্দি

কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেন অটোরিকশা চালক: পুলিশ

ক্ষেত জুড়ে ধস্তাধস্তির চিহ্ন, বাবাকে লাইভ লোকেশনও পাঠিয়েছিল কিশোরী

কুমিল্লায় জমিতে কিশোরীর লাশ, পাশে অটোরিকশা

কুমিল্লায় কিশোরী হত্যায় ‘মূল আসামি’ চট্টগ্রামে গ্রেপ্তার