০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় কিশোরী হত্যায় ‘মূল আসামি’ চট্টগ্রামে গ্রেপ্তার

লালমাই থানার ওসি মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার সুমন স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটির চালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 04:54 PM

Updated : 09 Oct 2026, 05:16 PM

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় একজনকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। তাকে কিশোরী হত্যার মামলার ‘মূল আসামি’ বলছে পুলিশ।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লালমাই থানার ওসি মিজানুর রহমান।

তিনি বলেন, গ্রেপ্তার সুমন স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটির চালক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গল সংলগ্ন ধানক্ষেত থেকে ১৫ বছর বয়সি কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

ওই কিশোরী কুমিল্লার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। যদিও তিনি ক্লাসে অনিয়মিত ছিল। তাদের গ্রামের বাড়ি যশোরে হলেও বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা শহরেই থাকতেন।

এ ঘটনায় বুধবার রাতেই লালমাই থানায় মামলা করেন কিশোরীর বাবা। মামলায় তিনি অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করেন।

লালমাই থানার ওসি বলেন, চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া সুমনকে নিয়ে পুলিশ কুমিল্লায় রওয়ানা দিয়েছে। কুমিল্লায় পৌঁছালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

তবে কখন সংবাদ সম্মেলন হতে পারে সে বিষয়ে নিশ্চিত কিছু বলেননি তিনি।

আরও পড়ুন:

ক্ষেত জুড়ে ধস্তাধস্তির চিহ্ন, বাবাকে লাইভ লোকেশনও পাঠিয়েছিল কিশোরী

কুমিল্লায় জমিতে কিশোরীর লাশ, পাশে অটোরিকশা