০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় আলোচিত ‘কিশোর গ্যাংয়ের’ ৪ সদস্য গ্রেপ্তার

অপ্রতিম হত্যাকাণ্ডের পর ২৩ সেপ্টেম্বর থেকে ‘কিশোর গ্যাং’বিরোধী অভিযান শুরু করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 05:51 PM

Updated : 03 Oct 2026, 06:12 PM

কুমিল্লায় ’কিশোর গ্যাং’ বিরোধী বিশেষ অভিযানে চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- ‘র’ গ্যাংয়ের ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) এবং ‘ক্রাইম সেটাপ’ গ্যাংয়ের মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ইমরান হোসেন রতনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ নয়টি মামলা রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। সাব্বির ও রবিউল ইসলাম নবীর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের পর ২৩ সেপ্টেম্বর থেকে ‘কিশোর গ্যাং’বিরোধী অভিযান শুরু করে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও ডিবি একযোগে পঞ্চম দফার অভিযান চালায়। এ দফায় ৩৬৩ জনকে আটক করা হয়েছে বলে জানান লুৎফুর রহমান।

তিনি বলেন, পাঁচ ধাপের অভিযানে এখন পর্যন্ত দুই হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। আটকদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে আগের চার ধাপে আটক এক হাজার ১৩০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সন্ধ্যার পর পড়াশোনার সময় যাদের রাস্তায় বা বাড়ির বাইরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে, তাদের এ অভিযানে আটক করা হয়েছে। কাউকে বাসা বা রেস্তোরাঁয় বসে থাকা অবস্থায় আটক করা হয়নি।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো গ্যাং সদস্যকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম গণমাধ্যমে প্রকাশ করা হবে।”