২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রায়গঞ্জে আগুনে পুড়েছে ৪ দোকান

অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 12:34 PM

Updated : 07 Nov 2022, 12:34 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি বাজারের চারটি দোকান পুড়ে গেছে।

রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান জানান, রোববার রাত আড়াইটার দিকে তার পৌরসভার ধানগড়া বাজারে এ অগ্নিকাণ্ড হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, একটি মুদি দোকানে প্রথমে ধোঁয়া দেখা যায়। এর পরপরই আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে চারটি দোকান পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা পৌর মেয়রের।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে দোকানের মালামালের সঙ্গে একটি মোটর সাইকেল ও একটি কম্পিউটারও পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।