০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে বেদে পল্লীতে অগ্নিকাণ্ড, ঘরবাড়ির সঙ্গে পুড়ল শিকলে বন্দি বানরও

ফায়ার সার্ভিস বলছে, এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 04:37 PM

Updated : 04 Nov 2026, 05:15 PM

লক্ষ্মীপুরে গ্যাসের আগুনে ১১টি বেদে পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।

আগুন নেভানোর সময় আহত হয়েছেন এক নারী। এ সময় ঘটনাস্থলে শিকলে বেঁধে রাখা একটি বানরও পুড়ে মারা গেছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার জসীম উদ্দিন বলেন, বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় জেলা নির্বাচন কার্যালয় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

“স্থানীয়দের সহযোগিতায় আমরা ১৫ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হই।”

খবর পেয়ে জেলা প্রশাসক মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রওশন আলী নামে এক ব্যক্তির ঘরে তার পুত্রবধু গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। হঠাৎ সিলিন্ডারের মুখে আগুন ধরে যায়। মুহুর্তে ঘরের আসবাবপত্রে আগুন লেগে যায়। এসময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন পুরো ঘর এবং আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে পাশের অন্যঘরগুলো রক্ষা পায়। আগুন নেভানোর সময় মাথায় কাঠ পড়ে নারী ইসমাত আরা নামে এক নারী মাথায় আঘাত পান। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা কামরুল ও ফয়জুল আজিম বলেন, আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে। ফলে চারটি বসতঘর একেবারে ভষ্মিভূত হয়ে যায়। ওই চার ঘরে রওশন আলী ও খলিলুর রহমান স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতো।

ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন বলেন, “ঘরে স্বর্ণালংকার ছিল। আগুনে আমার ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই। সবমিলিয়ে আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বলেন, “ভুক্তভোগীরা বেদে সম্প্রদায়ের বাসিন্দা। স্থায়ীভাবে বসতঘর তৈরি করে তারা এখানে বসবাস করছে। বসতঘর ছাড়া তাদের আর কিছু ছিল না।

“আগুনে পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি।”

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, “গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। দুই ব্যক্তির মালিকানাধীন ১১টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ দিয়ে সহায়তা করা হবে।