২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিশ্ব ইজতেমায় আরও ৪ জনসহ মোট ১৯ জনের মৃত্যু

মাঠের বাইরে ইজতেমার কাজে সংশ্লিষ্ট ও ইজতেমায় আসার পথে পুলিশ কর্মকর্তাসহ ছয় জন প্রাণ হারিয়েছেন।

বিশ্ব ইজতেমায় আরও ৪ জনসহ মোট ১৯ জনের মৃত্যু

আখেরি মোনাজোতে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথমপর্ব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2024, 10:29 AM

Updated : 04 Feb 2024, 10:29 AM

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা আরও চার জনের মৃত্যু হ‌য়ে‌ছে। এ নিয়ে এবারের ইজতেমায় ১৯ জনের মৃত্যু হল।

রোববার সকালে ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শনিবার রাত পর্যন্ত আরও চারজন মৃত্যুবরণ করেছেন। তারা সবাই ইজতেমায় আসা তাবলীগের সাথী।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, রাজবাড়ি জেলার পাংশা থানার মো. সানোয়ার, চট্টগ্রামের আনোয়ারা থানার মো. আলম, নরসিংদীর মো. শাহনেওয়াজ ভুঁইয়া ও সিরাজগঞ্জের আল মাহমুদ।

গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ বলেন, এবারের ইজতেমার ময়দানে হাজির হওয়া তাবলীগের অনুসারীদের মধ্যে মোট ১৩ জন মারা গেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের রোগ ও হৃদরোগে অসুস্থ হয়ে তারা মারা যান।

এ ছাড়া মাঠের বাইরে ইজতেমার কাজে সংশ্লিষ্ট ও ইজতেমায় আসার পথে পুলিশ কর্মকর্তাসহ ছয় জন প্রাণ হারিয়েছেন।

ইজতেমা আয়োজক কমিটি জানিয়েছে, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এর আগে ময়দানে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত শমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলা জেলার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুল কাদের (৫৫), নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫), নেত্রকোনা থানার কুমারী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৬৮), ভোলা জেলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হজরত আলীর ছেলে মতিউর রহমান (৬০)।

ময়দানে আসার পথে মারা যাওয়া তিনজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০), ও ইজতেমায় আসার পথে বাসচাপায় নিহত পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০)।

অন্যদের নাম পাওয়া যায়নি বলে জানিয়েছে আয়োজক কমিটি।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের ‘শুরায়ে নিজাম’ পক্ষ। যারা সাধারণভাবে জুবায়েরের অনুসারী হিসেবে পরিচিত। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় এ পর্বের ইজতেমা।

দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। এ পর্বের নেতৃত্ব দেবেন ভারতের সা’দ কান্ধলভীর অনুসারীরা।

আরও পড়ুন

পুরানো খবর:

বিশ্ব ইজতেমায় আসা আরও ৩ জনের মৃত্যু

পুরানো খবর:

টঙ্গীতে ইজতেমায় আসা আরও একজনের মৃত্যু

পুরানো খবর:

ইজতেমার ডিউটিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় পুলিশের মৃত্যু

পুরানো খবর:

টঙ্গীতে ইজতেমায় আসা দুইজনের মৃত্যু