আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৩ মামলায় আসামি দেড় হাজার
সকালে যথাসময়েই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন।
ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের সময় হামলা, ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। আশুলিয়া থানায় কারখানা কর্তৃপক্ষের দায়ের করা এসব মামলায় অজ্ঞাত পরিচয় দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।
শনিবার রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকার ছেইন অ্যাপারেলস লিমিটেড, নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের নেক্সট কালেকশন্স লিমিটেড এবং ধনাইদ এলাকার ডিসাং সোয়েটার লিমিটেড কারখানা কর্তৃপক্ষ এসব মামলা করে বলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী জানান।
৩১ অক্টোবর সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার ছেইন অ্যাপারেলস লিমিটেডে ভাঙচুর চালায় উচ্ছৃঙ্খলা শ্রমিক ও বহিরাগতরা। এ ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেছেন কারখানার উপ- মহাব্যবস্থাপক (অপারেশন) মো. আনিসুর রহমান।
একই দিন ধনাইদ এলাকায় ডিসাং সোয়েটার কারখানায় ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ শ্রমিক ও বহিরাগতকে আসামি করে মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ।
এ ছাড়া নেক্সট কালেকশন্স লিমিটেড কারখানায় ৩০ অক্টোবর সকালে হামলা ও ভাঙচুর করলে শ্রমিকসহ কয়েকজন কর্মকর্তা আহত হয়। অনধিকার প্রবেশ, হত্যার উদ্দেশ্যে মারপিট, জখম, চুরি ও ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. ফরহাদ উদ্দীন।
রোববার তিনি আরও বলেন, “শনিবার রাতে আশুলিয়া থানায় মামলা হয়েছে। আজ আমাদের কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন। কারখানা উৎপাদন অব্যাহত রয়েছে।”
এদিকে সরেজমিনে দেখা গেছে, সকালে যথাসময়েই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, “সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগদান করেছেন। সবাই স্বাধীনভাবে কাজ করছেন। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আছে পুলিশ।
মামলার বিষয়ে তিনি বলেন, কারা ভাঙচুর করেছে বা কারা জড়িত ছিল সেসব বিষয় তদন্ত চলছে।
