২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় ছাত্রদলের ৭ নেতা কারাগারে

ফতুল্লা মডেল থানা নাশকতার অভিযোগে বিস্ফোরক আইনে মামলাটি করে বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় ছাত্রদলের ৭ নেতা কারাগারে

নারায়ণগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা মামলায় ছাত্রদলের সাত নেতাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2023, 11:39 PM

Updated : 07 May 2023, 11:39 PM

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা মামলায় ছাত্রদলের সাত নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আশ শামস জগলুল হোসেন এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

পরিদর্শক আসাদুজ্জামান বলেন, “নাশকতার অভিযোগে বিস্ফোরক আইনে ফতুল্লা মডেল থানার করা একটি মামলার জামিনের আবেদন করেন ছাত্রদলের এই সাত নেতা। আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।”

এরা হলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্যসচিব রিয়াদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখার আহমেদ রাজু, ফয়সাল শান্ত, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির, কাশীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফাহাদ ও সাধারণ সম্পাদক শাহাদাত।

Image

নারায়ণগঞ্জে হত্যা মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতিকে কড়া নিরাপত্তায় আদালত প্রাঙ্গণে আনা হয়।

হত্যা মামলায় কারাগারে জাকির খান

সাব্বির আলম খন্দকারকে হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি জাকির খানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার  নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ আদেশ দেন বলে জানান পরিদর্শক মো. আসাদুজ্জামান।

জাকির খান জেলা ছাত্রদলের সাবেক সভাপতি।

আসাদুজ্জামান বলেন, দুই দশক দেশের বাইরে পলাতক থাকার পর গত বছরের ২ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন জাকির খান। তার বিরুদ্ধে বিএনপির বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকারের ভাই সাব্বির আলম খন্দকারকে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

রোববার সাব্বির হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ছিল। এই মামলায় গ্রেপ্তার আসামি জাকির খানকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আদালতে আনা হয়।

এই সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে আবার কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানান আদালত পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন-

পুরনো খবর:

নারায়ণগঞ্জের জাকির খান রিমান্ডে
চার খুনের আসামি নারায়ণগঞ্জের আলোচিত ‘ক্যাডার’ জাকির গ্রেপ্তার