২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ১৩৮ নিয়োগ: বৈধতার প্রশ্নে রুল খারিজ

২০২১ সালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের করা রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয়েছিল।

রাবিতে ১৩৮ নিয়োগ: বৈধতার প্রশ্নে রুল খারিজ

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 08:41 PM

Updated : 14 Dec 2023, 08:41 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৩৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বৈধতার প্রশ্নে দুই বছর আগে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেয়।

রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত বলেছে, যেহেতু এ নিয়োগ বাস্তবায়ন করা হয়নি, তাই রুলের আর কোনো ‘সারবত্তা’ নেই।

নিয়োগ বাতিলের নির্দেশনা চেয়ে ২০২১ সালের ৩১ অগাস্ট কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে রিট আবেদনটি করা হয়।

ওই সময় প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ নিয়োগ স্থগিত করে। পাশাপাশি এ নিয়োগ বাতিল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সোবহানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জরি করে।

মামলার নথি থেকে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ২০২১ সালের ৬ মে ছিল অধ্যাপক আবদুস সোবহানের শেষ কর্মদিবস। ওইদিন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে ১৩৮ জনকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেন।

তা নিয়ে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার মধ্যে পুলিশ পাহারায় উপাচার্য ভবন ছাড়তে হয়েছিল অধ্যাপক সোবহানকে।

এ নিয়োগকে কেন্দ্র করে সেদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষ হয়।

একই দিনে ওই নিয়োগের কার্যকারিতা স্থগিত রেখে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। ইউজিসির সদস্য অধ্যাপক মো. আলমগীরকে কমিটির প্রধান করা হয়।

এ তদন্ত কমিটি ওই বছরের ২৩ মে কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়; যেখানে ১৩৮ জনের নিয়োগকে সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে তা বাতিলের সুপারিশ করা হয়।

সেই সঙ্গে সোবহানসহ দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার সুপারিশ করে ওই তদন্ত কমিটি।

আরও পড়ুন

রাবিতে ভিসি সোবহানের দেওয়া ১৩৮ নিয়োগ স্থগিত

নিষেধের মধ্যে নিয়োগ, রাবি উপাচার্যের বাড়িতে তালা ছাত্রলীগের  

রাবি ভিসির বিদায়ের দিন তার অনিয়ম তদন্তে কমিটি

তদন্ত কমিটির মুখোমুখি বিদায়ী রাবি উপাচার্য

ইউজিসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ রাবি উপাচার্যের