২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘ওয়েবসাইট ক্লোন’ করে নিয়োগ জালিয়াতি, গ্রেপ্তার ১

রংপুরে একটি কমিউনিটি সেন্টারে ভুয়া নিয়োগ পরীক্ষা এবং রাজশাহীতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 06:47 PM

Updated : 29 Oct 2026, 06:47 PM

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘ওয়েবসাইট ক্লোন’ করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

বৃহস্পতিবার ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তার আব্দুস সালাম (৪৪) রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় মাজিদপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি গাইবান্ধার সাদুল্লাপুরের একটি মাদ্রাসার সাবেক সুপার।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘ওয়েবসাইট ক্লোন’ করে বিভিন্ন পদে নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে একটি চক্র। বিজ্ঞপ্তি দেখে চাকরিপ্রার্থীরা আবেদন করেন। পরে তাদের নিয়ে রংপুরে একটি কমিউনিটি সেন্টারে ভুয়া নিয়োগ পরীক্ষা এবং রাজশাহীতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

তিনি বলেন, ২০২৪ সালের ৩ ডিসেম্বর বিভিন্ন পদে ৪২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত দেখিয়ে ভুয়া নিয়োগ আদেশ প্রকাশ করা হয়। এভাবে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এসআরবি জানায়, প্রতারণার শিকার চাকরিপ্রার্থী মো. ফরহাদুল ইসলাম মন্ডল ২৭ অক্টোবর পীরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় আব্দুস সালামকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় একটি ল্যাপটপ, চাকরিপ্রার্থীদের দেওয়া বিভিন্ন ব্যাংকের চেকের ফাঁকা পাতা এবং চাকরিসংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়। পরে আব্দুস সালাম ও জব্দ করা জিনিসপত্র থানায় পাঠানো হয়। চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাশেদুল ইসলাম বলেন, ‘ওয়েবসাইট ক্লোন’ করে নিয়োগের নামে প্রতারণার বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কুড়িগ্রাম সদর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ সব কাজ স্বচ্ছভাবে করা হয়। চাকরি দেওয়ার নামে কেউ টাকা বা বিশেষ সুবিধা চাইলে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।