১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটকে হাতবোমা বিস্ফোরণ

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন ছাত্রলীগের এক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 09:49 PM

Updated : 17 Nov 2026, 09:54 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন ছাত্রলীগের এক নেতা।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়ায়।

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান সাংবাদিকদের বলেন, “মেইন গেটের দায়িত্বরত পুলিশ ফোন দিয়ে জানায় দুটি ককটেল পাওয়া গেছে। একটি বিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত অবস্থায় দেখা গেছে।”

“ঘটনার পরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফোন করে বলেন, ‘আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে।’ মূলত পতিত ফ্যাসিস্ট আমাদের ওপর ভীতিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।”

বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে যান কাজলা ফাঁড়ি থানার তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ। তিনি বলেন, “একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং অক্ষত অবস্থায় আরেকটি পড়ে রয়েছে। বিশেষজ্ঞ টিম আসলে এটি উদ্ধার করা হবে।”

তবে এ ঘটনায় সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।