ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
“কোনো অপশক্তিকে দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না,” বলেন ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক জায়গায় কয়েক মিনিটের ব্যবধানে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু হয়ে এ বিক্ষোভ মিছিল টিএসসিতে এসে শেষ হয়।
এসময় ‘লীগ ধর, জেলে ভর’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদের।
মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন।
টিএসসিতে মিছিল শেষ হওয়ার পর শাওন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রত্যেকটি ক্যাম্পাসের নিরাপত্তা, শিক্ষার পরিবেশ ও স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।
“কোনো অপশক্তিকে দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদা সজাগ রয়েছি। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন।”
এর আগে সন্ধ্যা ৬টা ৪২মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয় জায়গায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুই জায়গা থেকে অন্তত তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
