ঝিনাইদহে গৃহবধূকে গলাকেটে হত্যা
গুরুতর আহত প্রতিবেশী করিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের সদর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। এসময় একজন আহত হয়েছেন।
শনিবার ভোরে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান।
নিহত জামিলা খাতুন ওরফে ওজেলা (৪২) ওই গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের স্ত্রী। গুরুতর আহত আব্দুল করিম তাদের প্রতিবেশী।
স্বামী শরিফুল জানান, করিম তার স্ত্রীকে উত্ত্যক্ত করত। কুপ্রস্তাব রাজি না হওয়ায় জামিলাকে হত্যা করেছে করিম। পরে আত্মহত্যা করতে নিজেই নিজের গলায় কোপ দেন করিম।
অতিরিক্ত পুলিশ সুপার আবিদুর রহমান বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ওই গ্রামের শরিফুলের বাড়ির গোসলখানার ভেতর থেকে জামিলার মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “পুলিশ আসার আগেই আহত করিমকে তার স্বজনরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়। পরে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।”
“হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করিম জানান, শরিফুল তার স্ত্রীকে হত্যা করে তোকে হত্যার চেষ্টা করেন।”
এ ঘটনায় নিহতের স্বামী শরিফুল ইসলাম, ছেলে মান্নান ও প্রতিবেশী জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ।
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, জামিলার সঙ্গে করিমের সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে; তদন্ত চলছে।”
