০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মাগুরায় ডাকাতির সোনা ভাগাভাগি নিয়ে যুবদল নেতা সাকের খুন: পুলিশ

ডাকাতির ৬১ ভরি সোনা, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।

মাগুরায় ডাকাতির সোনা ভাগাভাগি নিয়ে যুবদল নেতা সাকের খুন: পুলিশ

মাগুরা পুলিশ লাইন্সের সেড রুমে সংবাদ সম্মেলনে কথা বলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 06:29 PM

Updated : 04 Nov 2026, 06:28 PM

মাগুরায় লুট করা ১৫০ ভরি সোনার বার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে পৌর যুবদল নেতা সাকের হোসেনকে হত্যা করা হয় বলে দাবি পুলিশের। এর মধ্যে ডাকাতির ৬১ ভরি সোনা, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে মাগুরা পুলিশ লাইন্সের সেড রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

পুলিশ সুপার বলেন, ৬ অক্টোবর সদরের রামনগরে এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মানিকগঞ্জের মজিবর রহমানের কাছ থেকে ১৫০ ভরি ওজনের ১৪টি সোনার বার লুট করে।

ডাকাতিতে মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ হোসেন ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক সাকের হোসেনসহ ১২ থেকে ১৫ জনের একটি দল অংশ নেয় বলে দাবি আজাদ হোসেনের।

“লুট করা সোনা নিয়ে মারুফের সঙ্গে সাকেরের বিরোধ দেখা দেয়। এরই জেরে মারুফ হোসেন ২১ অক্টোবর ভোরে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম জাহিদের মাধ্যমে ২০ লাখ টাকার চুক্তিতে ভাড়াটিয়া খুনি দিয়ে সাকেরকে গুলি করে হত্যা করা হয়,” বলেন পুলিশ সুপার।

তিনি বলেন, এ ঘটনায় মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালে এখন পর্যন্ত দুটি মামলায় মোট ১১ জনকে আটক করেছে পুলিশ।

এর মধ্যে হত্যা মামলায় গ্রেপ্তাররা হলেন- রনি শিকদার, শামীমা তাবাসসুম, অনিমেষ মজুমদার, মারুফ হোসেন, গোলাম জাহিদ এবং বশির আলী।

অন্যদিকে সোনা ডাকাতির মামলায় গ্রেপ্তাররা হলেন- সাকেরের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী পারনান্দুয়ালী নিজ গ্রামের মারুফ হোসেন, গোলাম জাহিদ, জুয়েল হোসেন, তৌকির আহমেদ, ফরিদ মণ্ডল, পশু হাসপাতাল পাড়ার মিল্টন ও তার স্ত্রী মারুফা খাতুন।

হত্যার ঘটনায় জড়িত বাকিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আজাদ হোসেন।